সমর্থকদের যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বর্জন করতে বললেন সাবেক ফিফা প্রধান ব্লাটার

Date:

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল ভক্তদের বর্জন করা উচিত বলে মনে করছেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার। গত সোমবার তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।

​দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিথের মন্তব্যের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন ব্লাটার। ব্লাটার যখন ফিফার দায়িত্বে ছিলেন, তখন সংস্থাটির সংস্কার কাজে পিথ তার সঙ্গে কাজ করেছিলেন। পিথ পরামর্শ দিয়েছিলেন যে, ভক্তদের এই টুর্নামেন্টের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া থেকে বিরত থাকা উচিত।
​সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লাটার বলেন, ‘আমি মনে করি এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে মার্ক পিথ সঠিক কাজই করেছেন।’

​জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে বিক্ষোভকারী রেনি গুড নিহতের ঘটনাকে সমর্থকদের যুক্তরাষ্ট্রে না যাওয়ার অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন পিথ। গত সপ্তাহে দ্বিতীয় আরেক মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই পিথের সেই মন্তব্যে সমর্থন দিলেন ব্লাটার।

​আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

​সুইজারল্যান্ডের দৈনিক ‘তাগেস-আনজেইগার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিথ বলেন, ‘দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিরোধীদের কোণঠাসা করা এবং ইমিগ্রেশন বিভাগের অপব্যবহারের মতো যা কিছু আমরা দেখছি, তা সমর্থকদের সেখানে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিতই করে।’

​সমর্থকদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ভক্তদের জন্য একটাই উপদেশ: যুক্তরাষ্ট্র এড়িয়ে চলুন! এর চেয়ে বরং টেলিভিশনে খেলা আরও ভালো দেখতে পাবেন।’

​তিনি আরও সতর্ক করে বলেন, ‘সেখানে পৌঁছানোর পর ভক্তদের প্রস্তুত থাকা উচিত যে, কর্তৃপক্ষের সঙ্গে একটু এদিক-সেদিক হলেই তাদের অবিলম্বে দেশে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্য যদি তারা ভাগ্যবান হন তবেই…’

​২০১৫ সালে বেশ কিছু কেলেঙ্কারির মুখে ফিফা প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন ব্লাটার। পরে তার স্থলাভিষিক্ত হন বর্তমান প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
​২০১১ সালে পরামর্শ ফি হিসেবে মিশেল প্লাতিনিকে ফিফার দেওয়া ২০ লাখ সুইস ফ্রাঁ সংক্রান্ত এক মামলা থেকে গত বছর চূড়ান্তভাবে খালাস পান ব্লাটার ও প্লাতিনি।

​ফ্রান্সের সাবেক তারকা প্লাতিনি এই মাসের শুরুতে বর্তমান ফিফা প্রধানের সমালোচনা করে বলেন, ইনফান্তিনো এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। প্লাতিনির মতে, ইনফান্তিনো এখন ‘স্বৈরাচারী’ হয়ে উঠেছেন এবং তিনি কেবল ‘ধনী ও প্রভাবশালীদের পছন্দ করেন’।

Popular

More like this
Related

আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে ২৭ বলেই জিতে ভারতের রেকর্ড

সহজ প্রতিপক্ষের বিপরীতে বল হাতে জ্বলে উঠলেন কুলদীপ যাদব...

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের...

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: পরিসংখ্যান কার পক্ষে?

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের 'বি' গ্রুপের ম্যাচে মাঠে নামছে...

নারায়ণগঞ্জে নদীতে পাঁচ যানবাহন পড়ার ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ...