বাংলাদেশকে বাদ দেওয়ায় আইসিসির সিদ্ধান্তের ‘ন্যায্যতা’ নিয়ে প্রশ্ন ইউসুফের

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্তের ন্যায্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। শ্রীলঙ্কা ও ভারতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে অন্যায্য বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

গতকাল নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইউসুফ লেখেন, “নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান -এই ১০ দেশের সম্মিলিত ক্রিকেট দর্শকসংখ্যা মোটামুটি বাংলাদেশের একার দর্শকসংখ্যার সমান।”

সংখ্যা তুলে ধরে সাবেক এই ব্যাটিং গ্রেট আরও উল্লেখ করেন, উল্লিখিত ১০ দেশের সম্মিলিত ভিউয়ারশিপ যেখানে প্রায় “১৭৮ মিলিয়ন”, সেখানে বাংলাদেশ একাই যোগান দেয় “১৭৬ মিলিয়ন” দর্শক।

ইউসুফের মতে, বৈশ্বিক দর্শকের ওপর নির্ভরশীল এই খেলায় বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত যৌক্তিক উদ্বেগকে পাশ কাটিয়ে যাওয়া গভীর প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, “যখন কোনো খেলায় বৈশ্বিক দর্শকই মূল চালিকাশক্তি, তখন বাংলাদেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সমন্বয় বা ছাড় দেওয়া বেছে বেছে করা হয়, তখন ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেট প্রভাব দিয়ে পরিচালিত হতে পারে না, এটা হতে হবে নীতির ভিত্তিতে।”

প্রসঙ্গত, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সেই আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি। গত শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা লজিস্টিক্যালভাবে কঠিন, এই যুক্তিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইসিসির বিবৃতিতে আরও বলা হয়, ভারতে বাংলাদেশের জাতীয় দলের জন্য কোনো “বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি” তারা খুঁজে পায়নি।

Popular

More like this
Related

নারায়ণগঞ্জে নদীতে পাঁচ যানবাহন পড়ার ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ...

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি হতে পারে ২৫ কোটি ডলার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ না হওয়া বিশ্ব...

ছায়ানটে হামলার ঘটনায় মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট-সংস্কৃতি ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার...

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বৈশ্বিক ক্রিকেটে অস্থিরতা: সামনে কী?

এই দাবানল সৃষ্টিকারী স্ফুলিঙ্গের সূত্রপাত কোনো যুদ্ধ বা সীমান্ত...