মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না থাকায় বেগ পেতে হচ্ছে পুলিশকে

Date:

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ এখনো ধরাছোঁয়ার বাইরে। তার প্রকৃত নাম ও ঠিকানা জানা না থাকায় এবং কোনো ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ না পাওয়ায় তাকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

গতকাল সোমবার সকালে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া ওই গৃহকর্মী নাফিসার স্কুলের ইউনিফর্ম পরে বাসা থেকে পালিয়ে যান।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযুক্তের আসল নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। ফলে প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার সময় অভিযুক্তের কাছে কোনো মোবাইল ফোন ছিল না। এ ছাড়া আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো অচল থাকায় তিনি কোন দিকে পালিয়েছেন, তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে।’

তিনি আরও জানান, গৃহকর্মীদের জড়িত থাকার পুরোনো ঘটনাগুলোর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছে পুলিশ।

এসি মামুন বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে।

 

Popular

More like this
Related

লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু: গ্রেপ্তার ৪ হাজার ছাড়িয়েছে

যৌথ বাহিনীর নেতৃত্বে দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু'...

৯৮ মিনিটে গোলরক্ষকের গোল, রিয়ালকে হারিয়ে প্লে-অফে বেনফিকা

ফুটবলের মঞ্চে গোল দিয়ে নায়ক সাধারণত স্ট্রাইকার কিংবা মিডফিল্ডাররাই...

২৫ ডিসেম্বর দুপুর ১২টায় ঢাকায় নামবেন তারেক রহমান, সংবর্ধনার প্রস্তুতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দুপুর...