বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর এখন প্রবেশ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর পর্বে। আজ থেকে শুরু হচ্ছে নকআউট লড়াই। শিরোপার দৌড় যত তীব্র হচ্ছে, ঠিক ততই টুর্নামেন্টে বাড়ছে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি। প্লে-অফের আগে নিজেদের শক্তি বাড়াতে বড় নামের বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো।
লিগ পর্বে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে শেষ করা সিলেট টাইটানস এলিমিনেটরের আগে পেয়েছে বড় স্বস্তির খবর। রংপুর রাইডার্সের বিপক্ষে মিরপুরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার স্যাম বিলিংস।
গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া বিলিংসের উপস্থিতিকে ‘অভিজ্ঞতা ও কৌশলগত গভীরতা’ হিসেবে উল্লেখ করেছে সিলেট, বিশেষ করে এমন সময়ে যখন “পরিষ্কার ভাবনা, ধৈর্য আর সঠিক বাস্তবায়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”
সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলা বিলিংস নকআউট পর্বের জন্য দলে ভেড়ানো ইংলিশ পেসার ক্রিস ওকসের পথ অনুসরণ করলেন। এর ফলে মঈন আলি, ইথান ব্রুকস ও সালমান ইরশাদের মতো বিদেশি ক্রিকেটারদের নিয়ে সিলেটের দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে।
আত্মবিশ্বাসী ব্রুকস বলেন, “আমাদের দলটা দারুণ, সব দিকই বেশ ভালোভাবে কাভার করা আছে। লক্ষ্য একটাই, কাজটা শেষ করা।”
অন্যদিকে, লিগ পর্বের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স প্রথম কোয়ালিফায়ারে আজ চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার আগে তাকিয়ে আছে টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে বড় সংযোজনের দিকে। নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনকে দলে টানার চেষ্টা করছে তারা। বর্তমানে এসএটোয়েন্টি’তে ডারবানের সুপার জায়ান্টসের হয়ে খেলা উইলিয়ামসনের আসা নির্ভর করছে ওই দলের বিদায় এবং রাজশাহীর বিপিএল যাত্রার ওপর।
রাজশাহীর এক কর্মকর্তা জানান, “আমরা একজন মিডল-অর্ডার ব্যাটার খুঁজছি, আর উইলিয়ামসন সেই জায়গায় একেবারে পারফেক্ট। অন্তত একটি ম্যাচের জন্য হলেও তাকে পেতে চাই।”
দলে পুরো মৌসুমের জন্য চুক্তি বাড়ানো নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামও আশাবাদী। তিনি বলেন, “আমাদের মধ্যে নিয়মিত কথা হচ্ছে। ও এখনো এসএটোয়েন্টি’তে ব্যস্ত, তাই কিছু ফলাফলের ওপর নির্ভর করছে। আশা করছি তাকে বাংলাদেশে আনতে পারব।”
নিশাম ছাড়াও রাজশাহীর স্কোয়াডে আছেন সাহিবজাদা ফারহান, রায়ান বার্ল, বিনুরা ফার্নান্দো, হুসাইন তালাত, সন্দীপ লামিচানে ও জাহানদাদ খান।
এদিকে, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্লে-অফের জন্য নতুন কোনো বিদেশি ক্রিকেটার আনার পরিকল্পনা তাদের নেই। আজকের ম্যাচগুলোতে তারা বিদ্যমান স্কোয়াডের ওপরই আস্থা রাখবে।