মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন ড্যামিয়েন মার্টিন

Date:

গত মাসেই আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতী মেনিনজাইটিসে। অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে, তিনি চলে গিয়েছিলেন কোমায়, চিকিৎসকরা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে গেছেন কৃত্রিমভাবে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটিং কিংবদন্তি ড্যামিয়েন মার্টিন জানালেন, তখন তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র অর্ধেক।

৫৪ বছর বয়সী এই সাবেক তারকা গত ২৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। মস্তিষ্কের ঝিল্লির প্রদাহজনিত এই কঠিন রোগের সঙ্গে লড়াই করে আট দিন কোমায় থাকার পর অলৌকিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

শনিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় মার্টিন তার এই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বেঁচে ফেরাটা ছিল অনেকটা অনিশ্চিত আর এই অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দিয়েছে, ‘জীবন কতটা নশ্বর।’

মার্টিন লিখেছেন, ‘বেঁচে থাকার সম্ভাবনা ৫০/৫০ শোনার পর, আট দিন পর যখন কৃত্রিম কোমা থেকে আমার জ্ঞান ফেরে, তখন আমি হাঁটতে বা কথা বলতে পারছিলাম না।’

তবে দমে যাননি সাবেক এই অজি ব্যাটার। মনের জোরে দ্রুতই কাটিয়ে উঠেছেন শারীরিক সীমাবদ্ধতা। তিনি বলেন, ‘তার চার দিন পরেই চিকিৎসকদের অবিশ্বাস্য করে দিয়ে আমি হাঁটলাম এবং কথা বললাম। সবার কাছে প্রমাণ করলাম কেন আমার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত।’

বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বসিত মার্টিন আরও যোগ করেন, ‘বাড়িতে ফিরতে পেরে এবং সমুদ্র সৈকতের বালিতে পা রাখতে পেরে খুব ভালো লাগছে। যারা অটল সমর্থন নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

অনাগত দিনগুলোর অপেক্ষায় থাকা মার্টিন ভক্তদের উদ্দেশে বলেন, ‘২০২৬-কে স্বাগত… আমি ফিরে এসেছি।’

স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অপরাজেয় অস্ট্রেলিয়া দলের অন্যতম স্তম্ভ ছিলেন মার্টিন। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬৭ টেস্টে ৪৬.৩৭ গড়ে ১৩টি সেঞ্চুরিসহ রান করেছেন তিনি। ২০৮টি ওয়ানডে খেলা এই স্টোকমেকার ২০০৩ সালের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। বিশেষ করে ফাইনালে ভারতের বিপক্ষে রিকি পন্টিংয়ের সঙ্গে তার ম্যাচ জেতানো অপরাজিত ৮৮ রানের ইনিংসটি এখনো ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে।

২০০৬ সালে অ্যাশেজ চলাকালীন আকস্মিক অবসর নেওয়া এই ক্রিকেটার দীর্ঘ সময় ধরেই লোকচক্ষুর আড়ালে নিভৃত জীবনযাপন করছিলেন।

 

Popular

More like this
Related

এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে সুইডেন প্রবাসী আনিকা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপের জন্য...

শনিবার রাষ্ট্রীয় শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের...

বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে আসার সাহস নেই: রাহানে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ককে গুরুত্ব...

হাদি হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র...