মোহামেদ সালাহর মিশরকে হারিয়ে আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে সেনেগাল। সাদিও মানের নাটকীয় গোলে ১-০ ব্যবধানের জয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে দলটি।
বুধবার রাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় দুই পরাশক্তি। নির্ধারিত সময়ের ১২ মিনিট বাকি থাকতে জয়সূচক গোলটি করেন মানে।
পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য ছিল সেনেগালের। বিপরীতে গোল হজম করার আগ পর্যন্ত মিশরের আক্রমণভাগ ছিল একেবারেই নিস্প্রভ। এমনকি সেনেগালের গোলমুখে কোনো শট নেওয়া কিংবা একটি কর্নার আদায় করতেও ব্যর্থ হয় তারা।
তবে মিশরের জমাট রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে সেনেগালকে। শেষ পর্যন্ত ভাগ্যের ছোঁয়ায় একটি আক্রমণ প্রতিহত হওয়ার পথে বল পেয়ে যান মানে। ডি-বক্সের প্রান্ত থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। তার এই দর্শনীয় গোলেই উল্লাসে মাতে সেনেগাল শিবির।
আগামী রোববারের ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ হবে স্বাগতিক মরক্কো অথবা নাইজেরিয়া।