রিয়ালে আরবেলোয়ার প্রথম অনুশীলন সেশনে অনুপস্থিত এমবাপে

Date:

স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার আলভারো আরবেলোয়া তার প্রথম অনুশীলন সেশন পরিচালনা করেছেন। তবে সেখানে অনুপস্থিত ছিলেন ক্লাবটির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

গতকাল সোমবার পারস্পরিক সমঝোতায় জাবি আলোনসোর বিদায়ের পরপরই আরবেলোয়াকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বুধবার কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালের ডাগআউটে প্রথমবার দাঁড়াতে যাচ্ছেন তিনি। তবে ওই লড়াইয়ে দারুণ ছন্দে থাকা এমবাপের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

জেদ্দায় গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল। সেই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে খেলেন হাঁটুর চোট থেকে সেরে ওঠা এমবাপে। তবে ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচের আগে শতভাগ ফিট হতে চান তিনি। তাই মাঠে না নেমে আলাদাভাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।

রিয়ালের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হাঁটুর সমস্যার কারণে এমবাপের অনুশীলনে অনুপস্থিত থাকাটাই ‘স্বাভাবিক’। মাঝে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ২৯ গোল করা বিশ্বকাপজয়ী এই তারকা।

আলোনসো এর আগে স্বীকার করেন যে, বার্সার বিপক্ষে এমবাপেকে নামানো ছিল একটি পরিকল্পিত ঝুঁকি। আট মাসেরও কম সময় দায়িত্ব পালনের পর বিদায় নেওয়া লস ব্লাঙ্কোদের সাবেক এই কোচ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি নিজের সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া এতদিন রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার (‘বি’ দল) দায়িত্বে ছিলেন। তার কোচিং ক্যারিয়ারের পুরো সময়টাই কেটেছে ক্লাবটির যুব একাডেমিতে। ২০২০ সালে অনূর্ধ্ব-১৪ দলের মাধ্যমে কোচ হিসেবে তার যাত্রা শুরু হয়। এরপর ২০২১-২২ মৌসুমে অনূর্ধ্ব-১৬ ও ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব সামলান তিনি। আর গত জুনে কাস্তিয়ার কোচ হয়েছিলেন আরবেলোয়া।

Popular

More like this
Related

জেসুসের জোড়া গোলে ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে আর্সেনাল

ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো...

আজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

বিসিবির অবস্থানের সমর্থনে আইসিসিকে পিসিবির চিঠি: ক্রিকইনফো

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির চূড়ান্ত...

ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।...