ঢাকাকে উড়িয়ে চট্টগ্রাম ও সিলেটকে সঙ্গে নিয়ে প্লে-অফে রাজশাহী

Date:

ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালসকে দ্বিতীয়বারের দেখাতে আরও সহজে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। বল হাতে আবদুল গাফফার সাকলাইন-রিপন মন্ডল ও ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের নৈপুণ্যে আরেকটি দাপুটে পারফরম্যান্সে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল তারা। এই জয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সকে সঙ্গে নিয়ে বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করল দলটি।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ উইকেটে জিতেছে রাজশাহী। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া ঢাকা পুরো ওভার খেলে ১৩১ রানে গুটিয়ে যাওয়ার পর তারা ২৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়।

৮ ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে রাজশাহী। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা চট্টগ্রামের পয়েন্ট ১০। ৯ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসাবে তিনে আছে সিলেট। চলমান আসরের প্রাথমিক পর্বের বাকি ম্যাচগুলোতে হেরে গেলেও এই তিনটি দলের কোনো সমস্যা হবে না। প্লে-অফের চতুর্থ ও শেষ স্থানটি অর্জনের লড়াইয়ে রয়েছে বাকি তিনটি দল— রংপুর রাইডার্স, ঢাকা ও নোয়াখালী এক্সপ্রেস।

ঢাকার হয়ে ছয় ব্যাটার দুই অঙ্কে গেলেও ইনিংস বড় করতে পারেন কেবল একজন। তাই ৩৮ বলে ৫৪ রানের ভালো উদ্বোধনী জুটির ফায়দা নিতে পারেনি তারা। সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার উসমান খানের ব্যাট থেকে। তিনি ২৭ বল খেলে মারেন পাঁচটি চার ও দুটি ছক্কা। খোলসে থাকা নাসির হোসেন ২৪ রান করতে লাগিয়ে ফেলেন ২৭ বল।

রাজশাহীর হয়ে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন পেসার সাকলাইন। তবে ইনিংসের শেষ ওভারে সব আলো কেড়ে নেন আরেক পেসার রিপন। শেষ তিন বলে তিনি সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে ফিরিয়ে পান হ্যাটট্রিকের স্বাদ। ৩০ রানে তার শিকার ৩ উইকেট। এবারের বিপিএলে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে সিলেটের বিপক্ষে নোয়াখালীর পেসার মেহেদী হাসান রানা এবং নোয়াখালীর বিপক্ষে রংপুরের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এই কীর্তি গড়েন।

সাদামাটা পুঁজি নিয়ে লড়াই জমাতে পারেননি ঢাকার বোলাররা। সহজ লক্ষ্য তাড়ায় ঝড় তোলেন ম্যাচসেরার পুরস্কারজয়ী রাজশাহীর ওপেনার তানজিদ। ব্যর্থতা ঝেড়ে তিনি তুলে নেন এবারের আসরে নিজের প্রথম ফিফটি। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি ছুঁয়ে তিনি আউট হন ৭৬ রানে। ৪৩ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে সাতটি চার ও পাঁচটি ছক্কা। এছাড়া, আরেক ওপেনার মুহাম্মদ ওয়াসিম করেন ২২ রান। তিনি ১৩ বলে মারেন দুটি চার ও একটি ছক্কা।

Popular

More like this
Related

গৃহকর্মী নিয়োগের আগে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

গৃহকর্মী নিয়োগের আগে তার পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছেন...

শেখ মেহেদীর ঝলকে রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দল...

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ...

রাজশাহীকে ফাইনালে তুলতে আসছেন উইলিয়ামসন

কেইন উইলিয়ামসনের সঙ্গে আগেই কথাবার্তা এগিয়ে রেখেছিলো রাজশাহী ওয়ারিয়র্স।...