লিওঁতে খেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে চান এন্দ্রিক  

Date:

২০২৬ বিশ্বকাপের আগে নিজের থমকে যাওয়া ক্যারিয়ার নতুন করে শুরু করতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ-কে ‘আদর্শ’ হিসেবে বেছে নিয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার এন্দ্রিক। শুক্রবার এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী এই তরুণ ফুটবলার এমনটিই জানিয়েছেন।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে ফুটবলের এই মহাযজ্ঞ। সেই বিশ্বমঞ্চে জায়গা করে নিতে নিজের সংকল্পের কথা জানিয়ে এন্দ্রিক বলেন, ‘আমি (বিশ্বকাপে খেলার জন্য) লড়াই চালিয়ে যাব।’

উল্লেখ্য, গত বছরের মে মাসে ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এই ফরোয়ার্ড আর জাতীয় দলে ডাক পাননি।

রিয়াল মাদ্রিদ থেকে কোনো কেনা-বেচার শর্ত ছাড়াই ধারে অলিম্পিক লিওঁতে যোগ দিয়েছেন এন্দ্রিক। আশা করা হচ্ছে, আগামী রবিবার ফ্রেঞ্চ কাপের শেষ ৩২-এর লড়াইয়ে লিলের সঙ্গে ম্যাচে তার অভিষেক হবে। বর্তমানে লিগ ওয়ান টেবিলের শীর্ষে থাকা লঁস থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে লিওঁ। নতুন ঠিকানা নিয়ে উচ্ছ্বসিত এন্দ্রিক বলেন, ‘আমি একটি আদর্শ ক্লাব খুঁজে পেয়েছি এবং মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

২০২৪ সালে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই কিশোরের জন্য স্পেনের সময়টা খুব একটা সুখকর ছিল না। চলতি মৌসুমের প্রথমার্ধে কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগায় তিনি মাত্র ১১ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। অথচ এর আগের মৌসুমে, যখন আনচেলত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন, তখন তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৭টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছিলেন।

আগামী ১৩ জুন মরক্কোর সঙ্গে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে সেলেসাওদের অপর দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Popular

More like this
Related

চট্টগ্রামের বুকে অবিস্মরণীয় সেই গেরিলারা

দিনটি ছিল ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছিল...

‘খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ কে না খেলতে চায়!’

বিপিএল ফাইনালের আগের দিন আলোচনার মূল স্রোত এই টুর্নামেন্টকে...

হাসিনার ফেরা শেষ পর্যন্ত নয়াদিল্লির সদিচ্ছার ওপর নির্ভর করবে: পররাষ্ট্র উপদেষ্টা

পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার...

বিশ্বকাপ স্কোয়াড ছাড়াও সভায় আছেন শান্ত-মিরাজ

অনুশীলন শেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার আগে শেখ মেহেদীকে...