খেলার মাঠে মারা গেলেন ভারতীয় ক্রিকেটার

Date:

ক্রিকেট মাঠে নেমেছিলেন রান করতে, কিন্তু ফিরলেন লাশ হয়ে। মিজোরামের সাবেক রঞ্জি ট্রফি ক্রিকেটার কে. লালরেমরুয়াতা বৃহস্পতিবার একটি স্থানীয় ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

আইজলের নিকটবর্তী মাউবাউকের বাসিন্দা লালরেমরুয়াতা এদিন সায়রাং রেলওয়ে স্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট মাঠে খেলছিলেন। খালেদ মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে তিনি ভেংনুয়াই রেইডার্স ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করছিলেন।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ মিজোরাম (সিএএম) জানিয়েছে, চনপুই আইএলএমওভি সিসি-র বিপক্ষে ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন লালরেমরুয়াতা। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

লালরেমরুয়াতার আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘এটি মিজোরামের ক্রিকেটের জন্য এক বিশাল ক্ষতি। আমাদের সবটুকু সমবেদনা ও প্রার্থনা তার পরিবারের সঙ্গে রয়েছে; ঈশ্বর যেন তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি দেন।’

মিজোরামের ক্রিকেটে লালরেমরুয়াতা ছিলেন একজন পরিচিত মুখ। একজন দক্ষ উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি রাজ্যের হয়ে ২টি রঞ্জি ট্রফি এবং ৭টি সৈয়দ মুশতাক আলী ট্রফি ম্যাচ খেলেছেন। তার অভিষেক ২০১৮ সালে মেঘালয়ের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে। ২০২২ সালে নাগাল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন।

ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসারেও যুক্ত ছিলেন। তিনি মিজোরামের সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লালরেমরুয়াতার মৃত্যুতে শোক জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিসিসিআই ডোমেস্টিক লিখেছে, ‘মিজোরামের ক্রিকেটার কে. লালরেমরুয়াতার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি অত্যন্ত গর্বের সঙ্গে রঞ্জি ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। বিসিসিআই তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

Popular

More like this
Related

অজুহাত না দিয়ে গার্দিওলা বললেন, ‘ইউনাইটেড আমাদের চেয়ে ভালো খেলেছে’

ম্যানচেস্টার ডার্বিতে হতাশাজনক পারফরম্যান্সের পর পেপ গার্দিওলা অকপটে স্বীকার...

একগুচ্ছ নালিশ নিয়ে ইসির কাছে জামায়াত, চায় লেভেল প্লেয়িং ফিল্ড

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে...

লা লিগায় ৫৩ ম্যাচে ৫০ গোলের মাইলফলক এমবাপের, উপরে কেবল রোনালদো

হাঁটুর চোট কাটিয়ে প্রায় এক মাস পর শুরুর একাদশে...

শিবপুরের বামপন্থীদের মুক্তিযুদ্ধ ও মান্নান ভূঁইয়া বাহিনী

মুক্তিযুদ্ধকালে নরসিংদীর শিবপুর ও এর সংলগ্ন জনপদকে কেন্দ্র করে...