কলকাতায় মুক্তি পাচ্ছে ফজলুর রহমান বাবু অভিনীত ‘ওসিডি’

Date:

ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে কলকাতায়। সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমাটির নাম ‘ওসিডি’।

৬ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কলকাতায় নতুন সিনেমা মুক্তি নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ফজলুর রহমান বাবু।

তিনি বলেন, ‘ওসিডি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। চমৎকার গল্পের একটি সিনেমা। আমি মনে করি, অনেক ভালো একটি কাজ হয়েছে। দর্শকদের পছন্দ হবে।’

পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে এটি বাবুর প্রথম কাজ।

পরিচালক সম্পর্কে তিনি বলেন, ‘ভীষণ ভালো একজন পরিচালক। মেধাবী পরিচালক। ওসিডিতে দারুণ কাজ দেখিয়েছেন। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।’

ফজলুর রহমান বাবুর কলকাতায় প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘সিতারা’। বিখ্যাত লেখক আবুল বাশারের উপন্যাস ভোরের প্রসূতি অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি।

‘ওসিডি’ কলকাতায় তার অভিনীত ও মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা।

‘ওসিডি’তে নিজের চরিত্র প্রসঙ্গে বাবু বলেন, ‘দারুণ একটি চরিত্রে অভিনয় করেছি। আমার চরিত্রের নাম ভালো কাকু। আসলে চরিত্রটি একটু অন্যরকম। এই ধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি। তবে অভিনয় করার ভালো সুযোগ ছিল।’

কলকাতার দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা দুই দেশের মানুষ, এটা সত্যি। কিন্তু আমাদের ভাষা বাংলা, কলকাতার ভাষাও বাংলা। ভাষা ও সংস্কৃতি এক। দর্শকরা অন্য দেশের হলেও তারা বাংলা ভাষাভাষী। দর্শকদের জন্য ভালোবাসা। সিনেমাটি তারা দেখুক।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গিয়ে দেখেছেন—ওখানকার মানুষ বাংলা ভাষা নিয়ে গর্ব করে। ‘শুটিং করেছি কলকাতায়, বিষয়টা খুব কাছ থেকে দেখেছি,’ বলেন তিনি।

পেছনের স্মৃতি টেনে বাবু বলেন, একবার তিনি মস্কোতে একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। সেখানে জুরি বোর্ডের একজন ভারতীয় বাঙালির সঙ্গে পরিচয় হয়।

তিনি বলেন, ‘আমাকে পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি, ঘুরেছি। সবই সম্ভব হয়েছে একই ভাষার মানুষ হওয়ার কারণে।’

‘ওসিডি’র শুটিংয়ে কলকাতার সহশিল্পীদের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, তারা ছিলেন খুবই আন্তরিক। ‘আমাদের কাজ দেখেছেন, প্রশংসাও করেছেন। তাছাড়া জয়া আহসান আছেন ওসিডিতে। জয়া সেখানে বড় একটি অবস্থান গড়ে তুলেছেন, অনেক প্রশংসিত কাজ করেছেন।’

তিনি আরও বলেন, ‘চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও সেখানে অনেক জনপ্রিয়।’

এদিকে কলকাতায় ফজলুর রহমান বাবু আরও একটি সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমাটির নাম ‘কালান্তর’, এটিও পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। বাবু বলেন, ‘কালান্তরও একটি ভালো গল্পের সিনেমা।’

Popular

More like this
Related

দলের ভেতর-বাইরের অস্থিরতাই বড় বাধা: বাটলার

মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের পর পূর্ণ দায় নিজের...

সরকারের ঋণ ২১,০০০,০০০,০০০,০০০ টাকা ছাড়াল

প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের মোট ঋণ ২১ ট্রিলিয়ন (২১...

বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে ‘নৈতিকতাই’ আমার একমাত্র বাধা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে সামরিক পদক্ষেপ নেওয়ার...

‘অনূর্ধ্ব-১২ দলের খেলোয়াড়ও আমার মতন ভুল করবে না’

এমনিতে উঠতি দলের এশিয়া কাপের আয়োজন হয় মূলত খেলোয়াড়দের...