গ্যালাতাসারাইতে যোগ দিতে পারেন মেসি

Date:

ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব গ্যালাতাসারাইতে। আর সেই গুঞ্জন আরও বাড়িয়ে ক্লাবটির প্রেসিডেন্ট দুরসুন ওজবেক এমন ইঙ্গিত দিয়েছেন, যা এখন ফুটবল মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

অথচ কিছু দিন আগেই ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন মেসি, যা ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে, তখন তার বয়স হবে ৪১। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মায়ামিতে জীবনযাপন কতটা উপভোগ করছেন তিনি। মেসির ভাষায়, ‘আমরা বার্সেলোনায় খুব সুখে ছিলাম, কিন্তু মায়ামিতে আসাটা ছিল পারিবারিক সিদ্ধান্ত। এখানে আসার পর থেকে অভিজ্ঞতাটা অসাধারণ এই শহর, এখানকার মানুষের ভালোবাসা সব কিছুই চমৎকার।’

তবুও গ্যালাতাসারাইয়ের আশার আলো এমএলএসের মৌসুমের কারণে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বিরতিতে থাকে, সেই সময় ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ নেই মেসির। তবে আগামী ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে সেরা ছন্দে রাখতে এবং ফিটনেস ধরে রাখতে ইউরোপে ফেরার সম্ভাবনা রয়েছে তার। আর সেই সুযোগটাই নিতে চাইছে গ্যালাতাসারাই।

তুর্কি সংবাদমাধ্যম ফ্যানাটিক জানিয়েছে, মেসির সঙ্গে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য স্বল্পমেয়াদি চুক্তির সুযোগ তৈরি হতে পারে। যদিও মায়ামিতে তিনি বছরে প্রায় ১৫ মিলিয়ন পাউন্ড আয় করেন, আর গ্যালাতাসারাই সাম্প্রতিক বছরগুলোতে বড় নামের খেলোয়াড়দের টানতে আর্থিক দিক থেকে দারুণ সাহস দেখিয়েছে।

সংবাদমাধ্যমটি গ্যালাতাসারাইয়ের প্রেসিডেন্ট ওজবেকের সাক্ষাৎকারও প্রকাশ করে। যেখানে তিনি বলেন, ‘আপনি মেসির কথা বললেন? গ্যালাতাসারাইয়ের সবচেয়ে সফল দিকই হচ্ছে আমাদের ট্রান্সফার কার্যক্রম। আমরা অনেক খেলোয়াড় না নিয়ে, সঠিক খেলোয়াড় নিয়েছি। তিন বছর ধরে চ্যাম্পিয়ন হওয়া দলটির মূল কাঠামো আমরা ধরে রেখেছি। আমাদের অর্থনৈতিক অবস্থাও এখন এমন যে, বড় ট্রান্সফার করতেও কোনো সমস্যা নেই।’

‘আমরা সাফল্যের মান অনেক উঁচুতে তুলে এনেছি। তাই এখন মেসির নাম নেওয়াটাও বাস্তবতার বাইরে নয়। আমরা ইউরোপে সাফল্য অর্জনের স্বপ্ন দেখি, আর সে লক্ষ্যে যা প্রয়োজন, তাই করব। তবে সব কিছুই আমাদের আর্থিক সীমার মধ্যেই রাখতে চাই,’ যোগ করেন গ্যালাতাসারাইয়ের প্রেসিডেন্ট।

তুরস্কের ঘরোয়া ফুটবলে গ্যালাতাসারাই সাম্প্রতিক বছরগুলোতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। টানা তিন মৌসুমে তারা জিতেছে লিগ শিরোপা, আর ২০২৩–২৪ মৌসুমে রেকর্ড গড়া ১০২ পয়েন্ট অর্জন করে নিজেদের ইতিহাসের সেরা সময় পার করেছে। এখন ওজবেক বিশ্বাস করেন, তিনি মেসিকে রাজি করাতে পারবেন তুর্কি রাজধানীতে আসার জন্য।

Popular

More like this
Related

গালফ ফুড ফেয়ারে ৫৫ লাখ ডলারের রপ্তানি ক্রয়াদেশ পেল প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুড ফেয়ারে ৫৫...

‘আমি আমজনতার অভিনেতা, পরিচালকও হতে চাই আমজনতার’

ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন কয়েক দশক ধরে। হুমায়ূন...

সিডনির বিচে হামলাকারীদের একজন ভারতীয়: পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে...

দুইবার আইপিএলজয়ী রাসেলসহ যাদেরকে ছেড়ে দিল কলকাতা

আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘ সম্পর্কের ইতি...