২০২৬ বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্রাজিল দলে নেইমারের প্রয়োজনীয়তা নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার এবং ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও এ বিষয়ে নিজের অবস্থান অত্যন্ত পরিষ্কার করেছেন।
গ্লোবো-র ‘এস্পোর্তে এসপেতাকুলার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নেইমার যদি অর্ধেক ফিটও থাকেন, তবুও তাকে বিশ্বকাপ দলে রাখা উচিত।
ক্ষাৎকারে নেইমারের গুরুত্ব তুলে ধরতে গিয়ে রোমারিও সরাসরি বলেন, ‘নেইমার থাকলে বিশ্বকাপে ব্রাজিলের জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সে না থাকলে ব্রাজিলের সম্ভাবনা অনেক কমে যায়। যদি সে মাত্র ৫০ ভাগও ফিট থাকে, তবুও আমি নেইমারকেই দলে নেব।’
রোমারিওর মতে, বর্তমান ব্রাজিল দলে এমন কোনো খেলোয়াড় নেই যিনি নেইমারের মতো একক দক্ষতায় প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখতে পারেন। তিনি বিশ্বাস করেন, মাঠের খেলায় নেইমারের উপস্থিতি শুধু কৌশলগত সুবিধা দেয় না, বরং দলের বাকি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং প্রতিপক্ষের মনে ভীতি তৈরি করে।
বর্তমানে চোট কাটিয়ে নেইমার যখন মাঠে ফিরে নিজেকে নিংড়ে দিচ্ছেন। তবে বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের দলে তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।
সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নেইমারের থাকার সম্ভাবনা খুব কম বলেই ধারণা করা হচ্ছে।