৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগে প্রতিবাদ জামায়াতের

Date:

প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকারব্যবস্থাকে সরকার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রোববার তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তার দাবি, সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি। কিন্তু সরকার সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারব্যবস্থাকে দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তার ভাষ্য, এ সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এ পদক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করবে। জনগণের মতামত উপেক্ষা করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার দাবি, পরবর্তী ধাপে জনগণের প্রত্যাশা ছিল স্থানীয় সরকারে গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এমন পরিস্থিতিতে ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে দ্রুত জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানান।

বিবৃতিতে দেশের গণতন্ত্রকামী জনগণকে স্থানীয় সরকারব্যবস্থায় জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি।

Popular

More like this
Related

জাবি শিক্ষার্থী শারমিন হত্যা মামলায় স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের মামলায়  তার স্বামী...

খাল খননের সুফল তখনই, যখন নদীগুলো নাব্যতা ফিরে পাবে: বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে স্বাগত  জানিয়েছেন বিরোধীদলীয়...

ইরান বিশ্বকাপ থেকে সরে যাওয়ার কোনো নোটিশ পাঠায়নি: এএফসি

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া...

ঢাবি, রাবি, চবি ও কুয়েটে নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য...