দিনাজপুর ও জামালপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
তারা হলেন—ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজীব হাসান (৩৫) ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে এজহারুল ইসলাম।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এজারুল তার শ্বশুরবাড়ি ফুলবাড়ী উপজেলা চিন্তামণ থেকে বন্ধু সজিবকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে বিরামপুর পৌরসভার টিএন্ডটি মোড়ে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় সজীবের চাচাতো ভাই আজিজুর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে, জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।
আজ শুক্রবার দুপুর ১টা ২০মিনিটে জামালপুর-শেরপুর সড়কের ব্রিজ এলাকার দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
স্থানীয়রা জানান, চেকপোস্টে পুলিশ শেরপুরগামী একটি ট্রাককে থামার সংকেত দিলে পেছনে থাকা মোটরসাইকেল পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দেলোয়ার ও ইসতিয়াক নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তিন ঘণ্টার চেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক।
জামালপুর সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন,
ফায়ার সার্ভিসের একটি দল দুজনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
(এই প্রতিবেদনটি প্রস্তুত করতে দ্য ডেইলি স্টারের ঠাকুরগাঁও ও জামালপুর সংবাদদাতা তথ্য দিয়ে সহায়তা করেছেন)