ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির পরিবারকে ২ কোটি টাকা অনুদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর মধ্যে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা ও জীবিকা নির্বাহের জন্য আরও ১ কোটি টাকা দেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘হাদির পরিবারের বিষয়ে দুইটি সিদ্ধান্ত হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে ১ কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। এই টাকার পুরোটা হয় তো লাগবে না। আর ১ কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য।’
এর আগে হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর আবার অর্থ অনুদানের ব্যাপারে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই।’
জানা গেছে, সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য ১ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তান ফ্ল্যাটটি ব্যবহার করবেন।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ শরিফ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বরে সিঙ্গাপুরে মৃত্যু হয় তার।