জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে এবারের স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
২৫ মার্চ ‘গণহত্যা দিবস’, ২৬ মার্চ ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ ও ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত পৃথক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী জানান, বৈঠকে ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষা, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করা ও জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানমালার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রথাগতভাবে আমরা স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোকসজ্জার আয়োজন করি। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে এবার সারা দেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ গুরুত্ব, শোক ও মর্যাদার সাথে পালন করা হবে এবং এর সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি যাতে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতি বছর ঈদের আগে পোশাক খাত ও সড়কে যে ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তা রোধে সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। মানুষ যাতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারে, সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, শিল্প পুলিশের একজন অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ, শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন, যাতে কোনো বিচ্যুতি না ঘটে এবং জনজীবনে স্বস্তি নিশ্চিত হয়।
মব বা গণপিটুনির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সব অপরাধকে মবের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না। সাম্প্রতিক কিছু ঘটনা বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড মাত্র।
নরসিংদীর ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তার সৎ বাবার সম্পৃক্ততা পাওয়া গেছে। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেপ্তার করেছে এবং কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এছাড়া চট্টগ্রামের ঘটনাটিও সরকার গুরুত্বের সাথে দেখছে।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে।
পোশাক খাতের বেতন-ভাতা নিয়ে তিনি জানান, বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা আশ্বস্ত করেছেন যে, দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব কারখানাই ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ করতে পারবে। এ বিষয়ে ব্যাংক ও সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলোর তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনগুলো মাঝেমধ্যে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিতে পারে, তবে মাঠে কোনো দৃশ্যমান তৎপরতা দেখা গেলে পুলিশ তা কঠোরভাবে মোকাবিলা করবে।