স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা আর হচ্ছে না

Date:

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই ফিনালিসিমা ২০২৬ সালের আসরটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উয়েফা।

আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই মর্যাদাপূর্ণ ম্যাচ। সেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেন ও আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন করা যাচ্ছে না বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় উয়েফা।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি ও সময়ের সীমাবদ্ধতার কারণে দুই দলকে এই গুরুত্বপূর্ণ ট্রফির জন্য লড়াইয়ের সুযোগ করে দেওয়া সম্ভব হয়নি, যা আয়োজকদের জন্যও বড় হতাশার বিষয়।

ফিনালিসিমা মূলত ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই শীর্ষ সংস্থা উয়েফা ও কনমেবলের যৌথ উদ্যোগে চালু হওয়া একটি প্রতিযোগিতা। এখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল মুখোমুখি হয়।

প্রথম আসরটি অনুষ্ঠিত হয় ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৩–০ গোলে হারিয়েছিল ইতালিকে।

২০২৬ সালের ম্যাচটি বাঁচানোর জন্য উয়েফা বিভিন্ন বিকল্পও খুঁজেছিল। একটি প্রস্তাব ছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ২৭ মার্চ ম্যাচটি আয়োজন করা, যেখানে দুই দলের সমর্থকদের সমান ভাগে প্রবেশাধিকার দেওয়া হতো। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আরেকটি বিকল্প ছিল ম্যাচটি দুই লেগে আয়োজন করা, একটি মাদ্রিদে এবং আরেকটি বুয়েনোস আইরেসে। কিন্তু সেটিও গ্রহণ করেনি আর্জেন্টিনা।

পরে ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ২৭ বা ৩০ মার্চ ম্যাচটি আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছিল, তবুও সমাধান পাওয়া যায়নি। আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও স্পেনের ব্যস্ত সূচির কারণে সেটিও সম্ভব হয়নি।

সবশেষে আর্জেন্টিনা কেবল ৩১ মার্চ ম্যাচ খেলতে রাজি হয়, কিন্তু সেটি আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় ও প্রস্তুতি না থাকায় তা বাস্তবায়ন করা যায়নি।

সব দিক বিবেচনায় শেষ পর্যন্ত ২০২৬ সালের ফিনালিসিমা বাতিল করার সিদ্ধান্ত নেয় উয়েফা।

ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য কাতারের আয়োজক কমিটি এবং রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় সহযোগিতার জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Popular

More like this
Related

‘রাক্ষস’ একটি রোমান্টিক সিনেমা: সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ ঢাকাই সিনেমার একজন দর্শকপ্রিয় নায়ক। এবারের ঈদে...

দুই দশক পর দখলমুক্ত কক্সবাজারের সুগন্ধা সৈকত

প্রশাসনের হুঁশিয়ারির পর কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের সৈকত থেকে ব্যবসায়ীরা...

ইরান যুদ্ধের কৌশল সামলাচ্ছেন যে মার্কিন অ্যাডমিরাল

লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর হুমকি সর্বোচ্চ পর্যায়ে...

গাজীপুর ও নেত্রকোণাসহ ৫ জেলায় নতুন ডিসি

গাজীপুর, নেত্রকোণা, কুষ্টিয়া, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ—এই পাঁচ জেলায় নতুন...