সোসিয়েদাদের কাছে হেরে ভাগ্যকে দুষলেন বার্সা কোচ

Date:

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর নিজের দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকলেও ভাগ্যকে দুষলেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। রবিবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে তার দল।

টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখা বার্সেলোনা এই ম্যাচে একাধিকবার দুর্ভাগ্যের শিকার হয়। দলটির চারটি শট পোস্টে লেগে ফিরে আসে এবং অফসাইড ও ফাউলের কারণে দুটি গোল বাতিল করেন রেফারি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমি দলকে বলেছি আমরা ভালো খেলেছি, কিন্তু আজ ভাগ্য আমাদের সহায় ছিল না। কিছু দিন এমন যায় যখন হারের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আজ তেমনই একটি দিন ছিল। তবে এটি কেবল একটি ম্যাচ, এখন আমাদের পরের ম্যাচের দিকে মনোনিবেশ করতে হবে।’

বৃষ্টিভেজা রিয়ালে এরেনায় শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় সোসিয়েদাদ বল জালে পাঠিয়েছিল, কিন্তু মিকেল ওয়ারসাবালের সেই হেডটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। পাল্টা আক্রমণে বার্সেলোনার ফেরমিন লোপেস দূরপাল্লার শটে গোল করলেও বিল্ড-আপের সময় দানি ওলমো ফাউল করায় সেটিও টেকেনি।

তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ডান প্রান্তে দুর্দান্ত খেলছিলেন। তার একটি গোলও বাতিল হয় অত্যন্ত সূক্ষ্ম অফসাইডের সিদ্ধান্তে। এরপর ম্যাচের ধারার বিপরীতে লিড নেয় স্বাগতিকরা। গনসালো গেদেসের ক্রস থেকে চমৎকার এক ভলিতে লক্ষ্যভেদ করেন ওয়ারসাবাল। বার্সার হয়ে মার্কাস র‍্যাশফোর্ড সমতা ফেরালেও গেদেসের দুর্দান্ত এক স্ট্রাইকে জয় নিশ্চিত করে সোসিয়েদাদ।

প্রতিপক্ষ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দিয়ে বার্সাকে হতাশ করেন। নিজের দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত রেমিরো বলেন, ‘দুর্দান্ত একটি ম্যাচ আর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম। আমরা এই বছরটা দারুণ ছন্দে শুরু করেছি। আমাদের মধ্যে এখন অন্যরকম এক শক্তি কাজ করছে এবং সম্প্রতি আমাদের ধরনে যে পরিবর্তন এসেছে এটি তারই ফল।’

নতুন আমেরিকান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জোর অধীনে এখন পর্যন্ত চার ম্যাচে অপরাজিত রইল সোসিয়েদাদ। ম্যাচের শেষ দিকে কার্লোস সোলের লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তারা জয় ধরে রাখতে সক্ষম হয়। এই জয়ের সুবাদে তারা পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ লেভান্তেকে হারিয়ে আসায় বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১।

Popular

More like this
Related

কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)...

সহজ জয়ে ১০০তম গ্র্যান্ড স্লাম ম্যাচ উদযাপন আলকারাজের

গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারের ১০০তম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কার্লোস...

তারেক রহমান ফেরার দিন যেন সারা দেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 'খুব শিগগিরই' দেশে ফিরছেন...

নির্বাচনের পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক উন্নতির আশায় আশরাফুল

ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে কখনোই মেশানো উচিত নয়, এ কথা...