সুপ্তার ঝড়ো ফিফটির পর নাহিদার তোপ; যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ

Date:

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে দায়িত্ব নিলেন শারমিন আক্তার সুপ্তা। এই টপ অর্ডার ব্যাটারের ঝড়ো ফিফটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্ত পুঁজি পায় বাংলাদেশ। পরে বাঁহাতি স্পিনে প্রতিপক্ষকে ধসিয়ে দেন নাহিদা আক্তার।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ জিতেছে ২১ রানে। সুপ্তার ৩৯ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ করে ১৫৯ রান। জবাবে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন নাহিদা। সমসংখ্যক রান দিয়ে ৩ উইকেট পান রিতু মনি।

বড় রান তাড়ায় ভালো শুরু পেয়েছিল যুক্তরাষ্ট্র। সপ্তম ওভারে ৪২ রানে তাদের ওপেনিং জুটি ভাঙেন রাবেয়া খান। দিশা দিঙ্গারাকে ফেরান ২৩ রানে। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে ম্যাচে রেখেছিলেন যুক্তরাষ্ট্রকে। তাকে আউট করেছেন রিতু মনি।

তার আগে নাহিদা মিডল অর্ডারে হানা দেন। শেষ দিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রান করলেও বাংলাদেশের পুঁজির কাছে যেতে পারেনি যুক্তরাষ্ট্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম উইকেট হারায় তৃতীয় ওভারে। দলের ২৬ রানে ফিরে যান দিলারা আক্তার। তবে তিনে নেমে ভরসা জোগান সুপ্তা। দলকে টানতে থাকেন তিনি। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস ১৭ করে ফিরে যাওয়ার পর অধিনায়ক জ্যোতি আউট হন কেবল ২ রান করে। পরে সোবহানা মোশতারিকে সঙ্গে নিয়ে ইনিংস টানেন সুপ্তা। ২৯ বলে ৩২ করে থামেন মোশতারি।

৮ চার ও ১ ছক্কায় ১৯তম ওভারে আউট হন সুপ্তা। ততক্ষণে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ দেড়শর কাছে চলে যায়।

এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশ প্রত্যাশিত সূচনা করল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। চলতি বছর যুক্তরাজ্যে হতে যাওয়া বিশ্বকাপ নিশ্চিত করতে বাছাইপর্বের বাধা পেরুতে হবে বাংলাদেশের মেয়েদের।

Popular

More like this
Related

পাকিস্তানের কাছে হেরে রানার্স-আপ হওয়ার আশা ঝাপসা বাংলাদেশের

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। ব্যাংককে...

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এ...

মাসখানেকের জন্য ছিটকে গেলেন পেদ্রি

ইনজুরির ধাক্কা যেন পিছুই ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের গুরুত্বপূর্ণ...

মাদকসেবীদের জন্য আলাদা কারাগার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকসেবীদের জন্য আলাদা কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন...