চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশুর শ্বাসনালি কেটে হত্যা মামলার আসামি বাবু শেখ (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাকিলা সুলতানা সুচনা দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি গ্রহণের পর এ নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সাইমা আরেফিন হেমা।
এর আগে মঙ্গলবার ভোররাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এরপর পুলিশ বাবু শেখকে গ্রেপ্তার করে।
রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে একটি নির্জন পাহাড়ে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। শ্বাসনালি কাটা অবস্থায় স্থানীয় কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
আসামি বাবু শেখের সঙ্গে শিশুটির পরিবারের পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, শিশুটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয় বাবু শেখ। শিশুটি চিৎকার শুরু করলে সে ছুরি দিয়ে তার গলা কেটে দেয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বাবু শেখ।