সিটির চেয়ে ২ পয়েন্ট এগিয়ে আর্সেনাল: শিরোপার লড়াইয়ে উত্তেজনা

Date:

ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুম শেষের পথে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও আর্সেনালের জন্য পরিস্থিতিটা আবার সেই পুরনো শঙ্কার ইঙ্গিত দিচ্ছে। একদিকে তারা পয়েন্ট হারাচ্ছে, অন্যদিকে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি ক্রমেই ব্যবধান কমিয়ে আনছে।

তবে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা হাল ছাড়ছেন না। দীর্ঘদিন ধরে ক্লাবটি লিগ শিরোপার দেখা না পেলেও তিনি মনে করেন, চ্যাম্পিয়ন হতে হলে তাদেরকে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতেই হবে।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে আতিথ্য নেবে আর্সেনাল। ১৬ নম্বরে থাকা টটেনহ্যাম বর্তমানে ভীষণ নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত রোববার কোচের পদ থেকে থমাস ফ্রাঙ্ককে বরখাস্ত করার পর এটিই তাদের প্রথম ম্যাচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আপনি যত বেশি এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, আপনার শিরোপা জেতার সম্ভাবনা তত বাড়বে… তাই সবার আগে আপনাকে লড়াইয়ে টিকে থাকতে হবে। এরপর এপ্রিল বা মে মাসে নির্ধারিত হবে কারা সেরা এবং কারা শেষ হাসি হাসবে।’

তবে পেছনে ফিরে তাকিয়ে গানারদের আশ্বস্ত হওয়ার কোনো উপায় নেই। বরং তাদের ভীত হওয়ার যথেষ্ট কারণ আছে। গত চার মৌসুমে তিনবারই আর্সেনাল দ্বিতীয় অবস্থানে থেকে লিগ শেষ করেছে। আর প্রতিবারই মৌসুমের শেষদিকে এসে তারা পা হড়কানোয় পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়েছে।

সহজভাবে বলতে গেলে, গত চার মৌসুমের প্রতিটিতে শেষ ১২ ম্যাচের হিসাবে দেখা যায়— আর্সেনাল তিনবার ম্যান সিটির চেয়ে অন্তত ১০ পয়েন্ট কম পেয়েছে এবং একবার ৬ পয়েন্ট কম অর্জন করেছে। এই সময়ের মধ্যে তারা দুবার পয়েন্ট তালিকায় দ্বিতীয় হয়ে সিটিজেনদের কাছে শিরোপা খুইয়েছে।

আর্সেনালের জন্য এবারের লক্ষণগুলোও খুব একটা ভালো ঠেকছে না। গত বুধবার রাতে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে ম্যাচে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করে তারা।

এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে গানারদের পয়েন্টের ব্যবধান কমে মাত্র দুইয়ে দাঁড়িয়েছে। এর চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে দলটি। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে সিটির নামের পাশে রয়েছে ৫৬ পয়েন্ট।

এই বাস্তবতা উত্তর লন্ডনের ক্লাবটিতে স্নায়ুচাপ আরও বাড়িয়ে দিতে পারে। যদিও পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে এগিয়ে থাকা অবস্থা থেকে আর্সেনাল মাত্র ৭ পয়েন্ট হারিয়েছে। এটি এবারের লিগে অষ্টম সর্বনিম্ন এবং সিটির হারানো ১১ পয়েন্টের চেয়েও বেশ কম।

২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে থাকা আর্সেনালের কোচ আর্তেতা বিশ্বাস করেন, এই মানসিক চাপকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা সম্ভব, ‘আমি মনে করি, এই লড়াই দিন দিন আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। কারণ এর অর্থ হলো, আপনি (লক্ষ্যের) আরও কাছাকাছি আছেন।’

Popular

More like this
Related

নতুন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা...

কে হচ্ছেন নতুন হামাস নেতা?

গত আড়াই বছরে ইসরায়েলের সরাসরি ও গুপ্ত হামলায় ফিলিস্তিনি...

চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজ...

চাঁদা বাড়ানোর খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

ময়মনসিংহে সড়কে বাড়তি চাঁদা আদায়ের প্রতিবাদে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক...