সামনে তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল

Date:

ইরানের সঙ্গে ইসরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে সামনে কঠিন সময় আসছে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না। একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের একটু ক্ষতি করছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে এগোতে হবে।’

আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৬ সালে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘ওই খাল কাটা যদি অব্যাহত থাকতো, তাহলে আমাদের পানির সমস্যা থাকতো না।’

কৃষকদের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে ফখরুল বলেন, ‘তারেক রহমান সাহেবও ওই কাজগুলো করছেন, যেগুলো কৃষকদের সাহায্য করবে।’

পাশাপাশি নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

সারা দেশে ২০ হাজার খাল খনন করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ওই যে কিছু সংখ্যক নেতারা বাড়িতে যায়…খালি বেহেশত দেওয়ার টিকিট আছে…তো বেহেশতে তো নিতে পারলো না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব।’

তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ হচ্ছে ধার্মিক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না।’

‘আমার মা-বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভোলায়—ওই বেহেশতে যাওয়ার কথা বলে অনেকে ভোলায়। ওই কথায় ভুলে লাভ হবে না। এক ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেহেশতে যেতে পারবো না। নামাজ-রোজা অন্যান্য সব কাজগুলো করতে হবে। সবার আগে সৎ হতে হবে। কোরআনের প্রত্যেকটা জায়গায় এটাকে সবচেয়ে জোর দেওয়া যে, সৎভাবে জীবন যাপন করো। তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি আপনার কোনোদিন কাজে আসবে না, বরং ক্ষতি হবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা আমার সঙ্গে রাজনীতি করেন বিএনপির, আমিও বিএনপি করি। সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন। যাতে আল্লাহ তায়ালা খুশি হয়, এলাকার মানুষ খুশি হয়, কেউ যেন অভিযোগ না করে যে, ভাই আপনি তো উদ্বোধন করলেন চলে গেলেন, তারপর আর একটা কোদালও পড়ে নাই, মাটিও কাটে নাই,’ যোগ করেন তিনি।

সবাইকে শৃঙ্খলা বজার রাখার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আজকে আমি এখানে এসে আপনাদের শৃঙ্খলা দেখিনি। এটাতে আমি খুব কষ্ট পেয়েছি। আপনাদের শৃঙ্খলা থাকবে না কেন? প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে করবেন। তাহলে কাজটা ঠিক হবে না। না হলে হবে না। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে, আমাদের জাতি হিসেবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না।’

‘এখন একটা বড় সংকট দেখা দিয়েছে না? তেল নাই। যুদ্ধ লেগেছে ইরান আর আমেরিকা-ইসরায়েলের, সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুরগাঁওতে একটা পেট্রল পাম্প ভাঙ্গি দিলো, ছোড়ারা ভাঙ্গি দিলো কেনে? কইছে উহাকে দিবার চায় নাই নাকি। তো ভাই তুমি পাম্পটা ভাঙলে কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, মব আমরা তৈরি করতে দেবো না। মবকে আমরা কঠোর হস্তে দমন করব।’

ওই রাতেই আইনি ব্যবস্থা নেওয়ায় স্থানীয় সরকারমন্ত্রী জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

‘সবাই সাবধান থাকবেন। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। এটা আমরা হতে দেবো না। এটা মাথায় রাখবেন, আইন মেনে চলবেন,’ যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ অনেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার নেহা নদী পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে বলে।

Popular

More like this
Related

মিডিয়া কমিটি থেকে বাদ পড়ার পর বিসিবি পরিচালক আমজাদের পদত্যাগ

​মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশ...

‘৫ বছর ক্ষমতায় থেকে শোধ নিলাম, এরপর অন্যরা—এই চক্র বন্ধ করতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও...

বন্ধু দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিয়েছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

আলোচনার জন্য বন্ধুপ্রতিম দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে বলে...

ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা...