সমঝোতার পর আগামীকাল মাঠে গড়াচ্ছে বিপিএল

Date:

গত দুই দিনের অচলাবস্থার পর অবশেষে মাঠে ফিরছে বিপিএল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে একাধিক দফা আলোচনা ও সমঝোতার পর আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে বিপিএল ২০২৬। বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী শুক্রবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে তৈরি হওয়া সংকটে বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত কার্যকর করায় দিনের দুই ম্যাচই স্থগিত হয়। তবে রাতে বিসিবির সঙ্গে আলোচনার পর কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মিঠুন বলেন, নাজমুলের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সেটিকে তারা সমর্থন করেন না। তবে বোর্ডের সঙ্গে ‘হেলদি ডিসকাশন’-এর মাধ্যমে একটি বাস্তবসম্মত জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে। বিসিবি দ্রুত দাবিগুলো প্রক্রিয়াগতভাবে এগিয়ে নেবে, এই আশ্বাসের ভিত্তিতেই শুক্রবার থেকে আবার খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

এই প্রসঙ্গে মিঠুন বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে, সেটা কোনোভাবেই এক্সেপ্টেবল না। ইভেন, আমরা এখনো এক্সেপ্ট করি না সেই বিষয়টা এবং আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। আমরা এখানে এসে বোর্ডের মিঠু ভাই, আমাদের প্রেসিডেন্ট, তারপর বোর্ডের অন্যান্য ডিরেক্টর, আমাদের বিপিএলের টিম ওনাররা, সবার সঙ্গে বসে আলোচনা করেছি। একটা জিনিস উনারা কনফার্ম করেছেন।’

‘তো, জিনিসটা হচ্ছে এখন বর্তমান যে সিচুয়েশন, উনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না, উনারা আমাদেরকে কথা দিয়েছেন, উনাকে এজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যে দাবি, সেটা উনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন। এবং আমাদের যে চাওয়াটা, ওনাদের প্রসিডিউর অনুযায়ী এজ আর্লি অ্যাজ পসিবল, উনারা এটা কমপ্লিট করবেন,’ যোগ করেন কোয়াব প্রেসিডেন্ট।  

এই সমঝোতার পরপরই বিপিএলের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বিপিএল ২০২৬-এর ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে নির্ধারিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬। ১৬ ও ১৭ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো এক দিন করে পিছিয়ে যথাক্রমে ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ এক দিন পিছিয়ে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’

এর আগে কোয়াব এক বিবৃতিতে জানিয়েছিল, নারী জাতীয় দলের বিশ্বকাপ বাছাই, ছেলেদের জাতীয় দলের সামনে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ বিবেচনায় নিয়ে তারা সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। একই সঙ্গে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয় এবং তার প্রকাশ্য ক্ষমা প্রত্যাশা করা হয়।

 

Popular

More like this
Related

কারাবন্দী ৪ সাংবাদিকের মুক্তি চেয়ে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস সামনে রেখে বাংলাদেশে কারাবন্দী চার সাংবাদিককে...

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্লপ

রিয়াল মাদ্রিদ থেকে জাভি আলনসোর বিদায়ের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া...

‘শান্তিচুক্তির’ এক মাসের মাথায় ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ

মারামারি বন্ধ ও 'ভ্রাতৃত্ববোধ' গড়ে তোলার লক্ষ্যে এক মাস...

দিয়াজের ‘পানেনকা’ মিস ও সেনেগালের নির্লিপ্ততা: জন্ম দিচ্ছে নানা রহস্যের

মরক্কোর স্বপ্নসারথি হয়েই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে নেমেছিলেন...