সংস্কারে গণভোটের পুরোটাই মানতে হবে: জামায়াত আমির

Date:

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ওপর যে গণভোট হয়েছে, এটার পুরোটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। কারও ওপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব।

আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, দেশটা তো সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে একটা দল সরকারি হিসেবে, আরেকটা বিরোধী দল হিসেবে থাকবে। সমাজে এক চাকায় কোনো গাড়ি চলে না, কমপক্ষে দুই চাকা লাগে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে, আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা তো জনগণের পক্ষে অবস্থান নেব। আমাদের অবস্থান হবে পরিষ্কার।

তিনি বলেন, নির্বাচনের সময় আমরা যে কথাগুলো বলেছি, সেগুলো মুখের কথা নয়, বুকের কথা। এ সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত। দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে।

জামায়াত আমির বলেন, বিচার বিভাগে বিচার বলতে কিছুই নাই। দেখেন না, এতগুলো ঋণ খেলাপি কীভাবে (সংসদ নির্বাচনে) সুযোগ পায়। এদের হাতে কীভাবে দেশ নিরাপদ হবে? হবে না তো। কারণ এরা তো সব সময় নিজের স্বার্থ দেখে। এ জায়গায় (সংসদে) এমন মানুষ যাওয়া দরকার, যে নিজের স্বার্থ দেখবে না, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে।

‘১৮ কোটি মানুষের স্বার্থ দেখলে কেউ ঋণ খেলাপি হয় না। ঋণ খেলাপি হলে আবার কীভাবে নেতা হতে চায়? লজ্জিত হওয়া উচিত। জনগণের টাকা আমার পকেটে ঢুকে আছে, আমি দিতে পারছি না। কারও ওপর সামান্য অবিচার হলেই কিন্তু আমরা প্রতিবাদ করব’, যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, তারেক সাহেব কী নিয়ে আলাপ করবেন, এটা উনার মনের ব্যাপার। আমি তো উনার মনের ব্যাপার বলতে পারব না। উনি যদি আমার সঙ্গে আলাপ করেন, দেশ ও জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আলাপ করব।

তিনি আরও বলেন, সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবে। সরকারি ও বিরোধী দল হাতে হাত রেখে চলবে, যদি দেশ সঠিক পথে চলে। যদি বেঠিক পথে চলে, তাহলে ওই চাকা চালাব না।

শফিকুর রহমান আরও বলেন, জাতীয় পার্টি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এরা তো এখন ভূগোলে নাই। তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। এখন তারা শুধু ভোটের জগৎ থেকে যায়নি, জনগণের মন থেকেও উঠে গেছে। কারণ তারা জনগণের স্বার্থ রক্ষা করেনি। জামায়াত ইসলামী ওই ভুল করবে না।

এর আগে আজ সকালে ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় জামায়াত সমর্থক শাহ আলমের স্মরণসভায় তিনি বলেন, সাধারণ মানুষকে সম্মান করা আমার ঈমানি দায়িত্ব। কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়। অনেক সময় দেখি কেউ কেউ গরিব মানুষের সঙ্গে হাত মেলানোর পর আড়ালে গিয়ে হাত মুছে ফেলেন। কিন্তু আমি তাদের সেই ঘামকে সম্মানের চোখে দেখি, ভালোবাসার সঙ্গে গ্রহণ করি।

স্মরণসভা শেষে শফিকুর রহমান গত ৩ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যান।

প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত কর্মী আব্দুস ছালাম (৬০) নিহত হন।

এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত আরেকটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে জামায়াতের সমর্থক শাহ আলমের (৫০) মৃত্যু হয়।

 

 

Popular

More like this
Related

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতে...

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...