সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রস্তাব করা হয়নি, আমরাও শপথ নেইনি: সালাহউদ্দিন

Date:

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে প্রস্তাব করা হয়নি এবং বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায়, সেটার প্রতিফলন ঘটাতে গেলে আগে সংসদে যেতে হবে এবং সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে।’

তিনি বলেন, ‘বিদ্যমান সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২(ক) তে যা বলা আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন বা অপারগতা প্রকাশ করে অথবা পাওয়া না যায়, তাদের মনোনীত প্রতিনিধি যদি তা না করেন, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আমাদের শপথ পাঠ করিয়েছেন।’

‘এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে (শপথ গ্রহণের) কোনো বিধান সংবিধানে নাই এবং (সিইসি) উনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় শপথ পাঠ করানোর জন্য তিনি আমাদের প্রস্তাবও দেননি, আমরাও শপথ গ্রহণ করিনি,’ যোগ করেন তিনি।

সাংবিধানিকভাবে সব কিছু পরিচালিত হওয়া দরকার উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘আমরা যে এই পর্যন্ত এসেছি, সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। আগামীতেও এই রাষ্ট্রটাকে আমরা সাংবিধানিকভাবে পরিচালিত করতে চাই।’

সংসদীয় দলের বৈঠকের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি, যাতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করার সুযোগ দেন। যারা শপথ গ্রহণ করেছেন, সবাই উপস্থিত ছিলেন এবং সবাই দস্তখত করেছেন।’

‘আমাদের নেতা তারেক রহমান আমাদের উদ্দেশে দুটি অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। এটা আজকে পরিবর্তনের শুরু হলো,’ বলেন সালাহউদ্দিন।

এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ‘জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেভাবে স্বাক্ষরিত হয়েছে, আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করতে অঙ্গীকারবদ্ধ-প্রতিশ্রুতিবদ্ধ।’

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...