সংঘাতের আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়তে বলেছে বিভিন্ন দেশ

Date:

পারমাণবিক কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন চরমে। ইতোমধ্যে ইরানকে ১০ থেকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ভূমধ্যসাগরসহ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন।

এ অবস্থায় যেকোনো সময় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ ও সেখানে ভ্রমণে সতর্কতা দিয়েছে বিভিন্ন দেশ।

আজ বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই দেশগুলোর তথ্য জানানো হয়েছে।

যেসব দেশ সতর্কতা জারি করেছে—অস্ট্রেলিয়া, জার্মানি, পোল্যান্ড, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ভারত, সার্বিয়া ও যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সরকার তার নাগরিকদের যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটির মতে, আঞ্চলিক উত্তেজনা বর্তমানে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে।

জার্মানি

জার্মান দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। যেকোনো সময় আকাশপথ বন্ধ বা ফ্লাইট বাতিল হতে পারে, তাই নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পোল্যান্ড

‘যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত বাস্তব’—উল্লেখ করে নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে পোলান্ড সরকার। পরিস্থিতি আরও খারাপ হলে উদ্ধার অভিযান চালানো অসম্ভব হয়ে পড়বে বলেও সতর্ক করেছে দেশটি।

সুইডেন

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এক বার্তায় জানিয়েছেন, ইরানের বর্তমান পরিস্থিতি অনিশ্চিত। তিনি নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়া

তেহরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দিয়েছে। এতে মার্কিন হামলার সম্ভাবনার কথা উল্লেখ করে নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশটি ভ্রমণের পরিকল্পনা আপাতত বাতিল বা স্থগিত করারও আহ্বান জানিয়েছে।

ভারত

ইরানে অবস্থানরত শিক্ষার্থী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বন করে যেকোনো উপায়ে ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

সার্বিয়া

সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আপাতত ইরানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে সেখানে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অতিরিক্ত কর্মী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দূতাবাস সীমিত জনবল নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Popular

More like this
Related

সভাপতির পদ স্থগিতের পর এবার গ্রেপ্তার জাহিদুল

বেড়িবাঁধের ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন...

ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ কবে আসছে বাংলাদেশে

আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে...

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার...

পোড়া শরীরে ‘আম্মু’কে খুঁজে ফিরছে ছোট্ট আনাসের দৃষ্টি

৮ বছরের শিশু ফারহান আহমেদ আনাস। চট্টগ্রামের হালিশহরে গ্যাস...