শ্রীলঙ্কা ‘অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে’, সাঙ্গাকারার সতর্কতা

Date:


টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে লঙ্কানদের। দলের এমন ভরাডুবির পর লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। তার মতে, দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে বিশ্ব ক্রিকেটে ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে শ্রীলঙ্কা।

​বুধবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের মাধ্যমে চূড়ান্ত হয় শ্রীলঙ্কার বিদায়। কিউইদের দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ১০৭ রানেই গুটিয়ে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপ। ৬১ রানের এই বিশাল পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সাঙ্গাকারা।

​সাবেক এই অধিনায়ক বলেন, ‘চারিদিকে অনেক হাহাকার। ভক্তরা বিধ্বস্ত, হতাশ ও ক্ষুব্ধ। খেলোয়াড়রাও ভীষণ কষ্ট পাচ্ছে। আমি এই ধরনের ড্রেসিংরুমে আগেও থেকেছি। এটা মোটেও সহজ নয়।’

​বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের এমন ব্যর্থতায় চারিদিকে সমালোচনা বয়ে যাচ্ছে। সাঙ্গাকারা মনে করিয়ে দিয়েছেন দেশের হয়ে খেলার গুরুদায়িত্বের কথা, ‘এই দায়িত্বটি মাঠের লড়াইয়েরই অংশ। নিজের দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করা একই সঙ্গে যেমন একটি বোঝা, তেমনি বিশাল এক সম্মানের বিষয়।’

​লঙ্কান ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা এবং আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে না পারার ব্যর্থতাকেও সরাসরি আঙুল দিয়ে দেখিয়েছেন তিনি। সাঙ্গাকারা বলেন, ‘সব স্তরেই সঠিক পথে ফেরার জন্য অনেক কাজ করার বাকি আছে। আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব যখন এতো দ্রুত বিবর্তিত হচ্ছে, তখন আমরা বারবার একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারি না। আমরা মানিয়ে নিতে পারিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।’

​সহ-আয়োজক হিসেবে নিজেদের কন্ডিশনে খেলেও সুপার এইট থেকে ছিটকে পড়া লঙ্কান ক্রিকেটের জন্য বড় এক ধাক্কা। সাঙ্গাকারার এই বার্তা ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্টের জন্য বড় এক সতর্কসংকেত হিসেবেই দেখা হচ্ছে।

Popular

More like this
Related

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ভারতের আশা বাড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকিয়ে ছিল ভারতও। দক্ষিণ...

শেফার্ড-হোল্ডার জুটিতে বিশ্ব রেকর্ড

আগ্রাসী শুরু করলেও একের পর এক উইকেট হারিয়ে চরম...

ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ী গভর্নর হিসেবে কতটা নির্মোহ হবেন, প্রশ্ন টিআইবির

নিজ প্রতিষ্ঠানের জন্য বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল করা ব্যবসায়ী...

আখ সংকটে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলস

আখ সংকটে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই নাটোরের লালপুরে...