শৃঙ্খলাভঙ্গ করায় শাস্তি পেলেন সালমান আঘা

Date:

অদ্ভুতভাবে রানআউট হয়ে সিদ্ধান্ত না মেনে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পাকিস্তানের সালমান আলী আঘা। গ্লাভস ও হেলমেট ছুড়ে ক্ষোভ প্রকাশ করা এই ব্যাটারকে শাস্তি হিসেবে তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এই ম্যাচে দায়িত্ব পালন করা ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল সালমানের শাস্তির বিষয় নিশ্চিত করেছেন।

শনিবার দ্য ডেইলি স্টারকে নিয়ামুর বলেন, ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারার শাস্তি দেওয়া হয়েছে তাকে, ‘নির্দিষ্ট ঘটনাটি মাঠ ছাড়ার সময় ক্রিকেট সরঞ্জামের অবমাননা সংক্রান্ত। সালমান আঘার ক্ষেত্রে এমন আচরণের কোনো পূর্ব ইতিহাস নেই। বিচারের সময় আমাদের নিরপেক্ষতা বজায় রাখতে হয়। ফলে আমরা একটি তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি।’

তিনি জানান উত্তপ্ত বাক্যবিনিময়ের বিষয়ে কোনো অভিযোগ আনা হবে না কারণ তিনি মনে করেন এটি একটি ভুল বোঝাবুঝি ছিল, ‘আমরা আইন, আমাদের প্রশিক্ষণ এবং খেলার শর্তগুলোও বিবেচনা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা আইসিসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে আমরা এই রায় দিয়েছি।’

শুক্রবার সালমানের রানআউটের ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজের বল ফ্লিক করে সোজা মেরেছিলেন মোহাম্মদ রিজওয়ান। বলটি ধরার চেষ্টা করতে গিয়ে মিরাজ দেখেন সালমান ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে গেছেন। সালমানের সঙ্গে মৃদু সংঘর্ষের ফাঁকেও তিনি পা দিয়ে বলটি থামিয়ে দেন, পরে সেটা কুড়িয়ে দ্রুত স্টাম্পে ছুড়ে মারেন। সালমান তখন ক্রিজের বাইরে ছিলেন এবং সক্রিয় বলটি হাত দিয়ে ধরতে চেয়েছিলেন।

মিরাজের আবেদনের প্রেক্ষিতে অন-ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান, যিনি নিশ্চিত করেন যে বলটি তখনো ‘ইন প্লে’ ছিল এবং মিরাজের পদক্ষেপটি বৈধ ছিল।

৬২ বলে ৬৪ রান করে ড্রেসিংরুমে ফেরার সময় উইকেটকিপার লিটন দাসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন সালমান। 

উল্লেখ্য, আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে, যা ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার এবং ফিটিংসের অবমাননা’র সঙ্গে সম্পর্কিত।

মিরপুরে সালমানের অদ্ভুত রানআউটের কারণে আলোচিত ম্যাচটিতে ডিএলএস পদ্ধতিতে ১২৮ রানে জিতে সিরিজে সমতা এনেছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেটি রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

 

Popular

More like this
Related

দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল: কালের গর্ভে হারিয়ে যাওয়া স্টেডিয়ামে ইতালির বিশ্বজয়

আজ রোমের মানচিত্রে স্তাদিও নাজিওনালে দেল পিএনএফের (ন্যাশনাল স্টেডিয়াম...

আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিস্ফোরণে ইহুদি সম্প্রদায়ের একটি স্কুলের বাইরের...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।আজ...

হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি-নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনা...