শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা হতে পারে না: শিক্ষামন্ত্রী

Date:

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি সরকার দেখবে, কিন্তু ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না।

একই সঙ্গে শিক্ষা খাতে দুর্নীতির বিষয়েও তিনি জিরো টলারেন্স বা শূন্য সহিষ্ণুতার কথা জানিয়েছেন।

আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে অগ্রাধিকার নির্ধারণী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে অনেক কিছুই ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। পরীক্ষা বাতিল করা বা অটো পাস দেওয়া কখনোই কাম্য ছিল না।

তবে সরকার পুরোনো কাসুন্দি ঘাঁটতে চায় না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের ভিশন ও মিশন অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।

আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন ও প্রশ্নপত্র বিতরণ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে নেওয়া যায় এবং বিতরণে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে আলোচনা করেছি।’

শিক্ষকদের দাবিদাওয়া ও আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল হক মিলন বলেন, ‘আপনারা ক্লাসরুমে শিক্ষকতা করবেন। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না।’

তিনি বলেন, দাবিদাওয়া যেভাবে আসার কথা, সেভাবেই আসবে এবং সরকার তা সমাধান করবে। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবিদাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই। কারণ, আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।

শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ উল্লেখ করে তিনি বলেন, সরকার তাদের পক্ষেই থাকে। আশা করি, শিক্ষকেরা সরকারের বার্তা পেয়ে গেছেন এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি প্রসঙ্গে নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন এবং তখন তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। শিক্ষা মন্ত্রণালয়কে ‘বেসিক’ বা মৌলিক মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে না। এখানে এটা হওয়া উচিত না।’

ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির মধ্যে আনা হবে এবং কেউ অপরাধ করলে শাস্তির আওতায় আনা হবে।

অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ স্থানে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে তিনি বলেন, অনুমতি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনো স্কুল চলতে পারে না। ‘গ্যারেজের মধ্যে স্কুল চালানো যাবে না। আমাদের ফায়ার এক্সিট ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ, এরা আমাদেরই সন্তান,’ বলেন শিক্ষামন্ত্রী।

Popular

More like this
Related

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই...

নারী এশিয়ান কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাফুফের

এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত...

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক পর্যায়ে ফিরে...

বিভেদ ভুলে টিম হিসেবে কাজ করতে হবে: মির্জা ফখরুল

একটি সফল রাষ্ট্র বিনির্মাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত...