দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চারজন সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
আইডিএফের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় অভিযান চলাকালে সেনাসদস্যরা হিজবুল্লাহ যোদ্ধাদের উপস্থিতি শনাক্ত করেন। পরে কাছাকাছি দূরত্ব থেকে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধাও আহত হন বলে জানানো হয়েছে।
নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন—ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এনটিস (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডে কর্মরত ছিলেন। চতুর্থ নিহত সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এই ঘটনায় একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি ধরনের আহত হয়েছেন।
তদন্তে বলা হয়েছে, গোলাগুলির পর আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ যোদ্ধারা সেনাদের লক্ষ্য করে একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে এতে অতিরিক্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আইডিএফ জানায়, ঘটনার পর তারা ওই এলাকায় হিজবুল্লাহকে লক্ষ্য করে ট্যাংক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে।