লালমনিরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অন্তত আটজন আহত হয়েছেন।
আজ রোববার শহরের ক্যান্টিন মোড়ে এই দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিশা এন্টারপ্রাইজ নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে চালক ও সাত যাত্রী আহত হন। দ্রুত তাদের লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল মতিন আরও জানান, ‘বাস জব্দ করে জেলা পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।’