ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা মোহাম্মদ বাঘের জোলঘাদর।
আজ মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এ ঘোষণার মধ্যে দিয়ে তিনি নিহত আলি লারিজানির স্থলাভিষিক্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় গত ১৭ মার্চ নিহত হন লারিজানি।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট দপ্তরের তথ্য বিষয়ক উপপ্রধান মোহাম্মদ মাহদি জানিয়েছেন যে, মোহাম্মদ বাঘের জোলঘাদরকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান করা হয়েছে।
তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির অনুমোদন ও সম্মতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নিয়োগ দিয়েছেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদর সবশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল বাওয়াবার তথ্য অনুযায়ী, বাঘের জোলঘাদর ইরানের বিচার বিভাগের কৌশলগত, সামাজিক নিরাপত্তা ও অপরাধ দমন বিষয়ক উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি মাহমুদ আহমাদিনেজাদ সরকারের আমলে অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী ছিলেন।
তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক জোলদাঘর ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে।