রেলক্রসিংয়ে ১ হাজার টাকায় রাখা হয়েছিল বদলি গেটম্যান

Date:

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া অস্থায়ী গেটম্যান কাওসার আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। 

তিনি পুলিশকে জানিয়েছেন, ঈদের দিন সেখানে দায়িত্বপ্রাপ্ত গেটম্যান হেলাল উদ্দীন ও মেহেদী হাসান এক হাজার টাকার বিনিময়ে তাকে এবং নাজমুল নামের আরেক স্থায়ী গেটম্যানকে বদলি হিসেবে দায়িত্বে রেখেছিলেন। তবে রোস্টার অনুযায়ী সেদিন তাদের ডিউটি ছিল না।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তে কাওসার আলমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

কাওসার আলমকে (২০) গত বুধবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর থেকে গ্রেপ্তার করে লাকসাম রেলওয়ে থানা-পুলিশ। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলার শশীদল এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে র‍্যাব। ইতিমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জসিম উদ্দিন খন্দকার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানিয়েছেন, ওই রাতে তারা দুজন পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেটম্যানের কক্ষে থাকলেও রাত পৌনে ৩টার দিকে ঢাকা মেইল ট্রেন আসার আগে গেট বন্ধ করেননি। তবে কেন তারা গেট বন্ধ করেননি, সে বিষয়ে এখনো কিছু জানাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একই সঙ্গে ওই লেভেলক্রসিংয়ের গেটম্যানের কক্ষে মাদকের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না এবং তারা আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। এই মামলার আরেক আসামি মেহেদী হাসান এখনো পলাতক।

গত শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন ১৮ জন। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেনটি ক্রসিং পার হওয়ার সময় গেট খোলা থাকায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি বাস রেললাইনে উঠে পড়ে। ট্রেনটি দুমড়েমুচড়ে যাওয়া বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে ঠেলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের দাবি, ট্রেন আসার সময় লেভেলক্রসিংয়ের গেট বন্ধ না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান হেলাল ও মেহেদীকে বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। নিহত সোহেল রানার (৪৬) খালা শেফালি আক্তার বাদী হয়ে ওই দুই গেটম্যানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা করেন।

Popular

More like this
Related

চাঁদে মানুষ পাঠানোর দৌড়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন

২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো, একটি চন্দ্রঘাঁটি তৈরি...

মার্কিন আদালতে মাদুরোর বিচার নিয়ে যে জটিলতা

ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল...

হরমুজ নিয়ে ইরানের কোনো বার্তা পায়নি বাংলাদেশ, জাহাজ চলাচলেও বাধা নেই

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে...

বুধবার থেকে বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরু

বিশ্বকাপের উত্তেজনা যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা,...