রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান

Date:

অধিনায়ক সালমান আগা ও উসমান খানের আগ্রাসী ব্যাটিংয়ে মিলল বড় পুঁজি। ব্যাটারদের বেঁধে দেওয়া সুরে তাল মিলিয়ে জ্বলে উঠলেন স্পিনাররা। রেকর্ড গড়ে সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান।

লাহোরে শনিবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই সংস্করণে অজিদের বিপক্ষে এটি তাদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। আগের কীর্তিটি ছিল ২০১৮ সালে আবুধাবিতে ৬৬ রানের জয়।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান তোলে পাকিস্তান। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ২০১৮ সালে হারারেতে ৭ উইকেটে ১৯৪ রান।

জবাব দিতে নেমে নিয়মিত উইকেট খুইয়ে একটুও লড়াই জমাতে পারেনি সফরকারীরা। ২৬ বল বাকি থাকতে স্রেফ ১০৮ রানে গুটিয়ে যায় তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সালমানের নেতৃত্বাধীন দল।

ম্যাচসেরার পুরস্কারজয়ী সালমান তিনে নেমে খেলেন ৭৬ রানের বিস্ফোরক ইনিংস। মাত্র ২৫ বলে ফিফটি ছোঁয়ার পর ৪০ বল মোকাবিলায় তিনি মারেন আটটি চার ও চারটি ছক্কা। পাঁচে নেমে উসমান করেন ৫৩ রান। ৩৬ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে চারটি চার ও দুটি ছক্কা। এছাড়া, ওপেনার সাইম আইয়ুব ১১ বলে ২৩ ও শেষদিকে শাদাব খান ২০ বলে অপরাজিত ২৮ রান করেন।

সাইম ও সালমানের তোপে পাওয়ার প্লেতেই ওঠে ৭২ রান। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২৫ বলে ৫৫ রান। এরপর চতুর্থ উইকেটে সালমানের সঙ্গে ৩৪ বলে ৪৯ ও শাদাবের সঙ্গে ৩৯ বলে ৬৩ রান যোগ করেন উসমান। ফলে প্রায় দুইশ ছোঁয়া রানের পুঁজি পায় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় অজিদের সবগুলো উইকেট যায় পাকিস্তানি স্পিনারদের ঝুলিতে। দুই লেগ স্পিনার আবরার আহমেদ ১৪ রানে ও শাদাব ২৬ রানে তিনটি করে উইকেট নেন। ১৬ রান খরচায় অফ স্পিনার উসমান তারিকের শিকার দুটি উইকেট। একটি করে উইকেট দখল করেন মোহাম্মদ নওয়াজ ও সাইম।

অস্ট্রেলিয়ার মাত্র চার ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেন। তিনে নেমে সর্বোচ্চ ৩৫ রান করেন ক্যামেরন গ্রিন। ২০ বল খেলে তিনি মারেন একটি চার ও দুটি ছক্কা। সাতে নামা ম্যাথু শর্টের ব্যাট থেকে তিনটি চারের সাহায্যে আসে ২৩ বলে ২৭ রান। দলটির ব্যাটিং দুর্দশা বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট যে, কোনো জুটিই ত্রিশের ঘর স্পর্শ করতে পারেনি।

Popular

More like this
Related

৬ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলম-স্ত্রীসহ ৯৫ জনের বিরুদ্ধে ৩ মামলা

জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে ছয় হাজার ২৪৩ কোটি...

নতুন পাঠ্যবই থেকে বাদ সাকিব-সালাউদ্দিনের নাম

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ও দেশের ইতিহাসের সফলতম...

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...

‘খেলাধুলায় এখনও প্রাণ ফেরেনি’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...