রাতে কিশোররা রাস্তায় অযাচিতভাবে ঘোরাঘুরি করলে প্রশাসন যেন জিজ্ঞাসাবাদ করে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মেয়ে, বোন ও মায়েদের নিরাপত্তার জন্য কিশোর গ্যাং একদম জিরো টলারেন্স হতে হবে। রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করে। আমি নির্বাচনের সময় দেখেছি, সারারাত কিশোররা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন ঘুরছে জিজ্ঞাসা করলে তারা ‘মব’ অ্যাটাক করে।
এ সময় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাতে রাস্তায় কিশোরদের দেখলেই যেন জিজ্ঞাসাবাদ করা হয়, কী কারণে ঘোরাফেরা করছে।
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় গেল গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করা হবে শিক্ষাঙ্গণ। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশের যাত্রা শুরু হবে এই কচুয়া থেকে।