রাজশাহী নগরের একটি পরিত্যক্ত স্থান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার সকালে র্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার অধীনে রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।
সেখানে বিস্ফোরকের উপস্থিতি সন্দেহ করে র্যাবের দলটি তাদের বোমা নিষ্ক্রিয়করণ (বম্ব ডিসপোজাল) ইউনিটকে খবর দেয়। তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো তল্লাশি করে ২১টি ককটেলসদৃশ বস্তু শনাক্ত করে। এ ছাড়া একটি বস্তায় হাঁসুয়া, একটি বড় ছোরা ও একটি চাকুসহ কিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ককটেল ও অস্ত্রের মালিক সম্পর্কে স্থানীয় লোকজন কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এসব সরঞ্জাম মজুত করা হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা ককটেল ও দেশি অস্ত্র চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।