রাউজানে বৌদ্ধ মন্দিরে আগুন, পরিকল্পিত নাশকতার অভিযোগ

Date:

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বৌদ্ধ মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে অভিযোগ তুলেছেন মন্দিরটির প্রধান ভিক্ষু। 

আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের আওতাধীন আবুরখিল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে এ ঘটনা ঘটে। 

মন্দিরের প্রধান ভিক্ষু ভদন্ত শ্রদ্ধাপাল জানান, ভোরে জোরালো শব্দে ঘুম ভাঙলে প্রার্থনা কক্ষের কিছু অংশে আগুন জ্বলতে দেখেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। 

দ্য ডেইলি স্টারকে ভিক্ষু বলেন, ‘আগুনে বৌদ্ধ আধ্যাত্মিক নেতাদের প্রতিকৃতি, ধর্মীয় বাণীসম্বলিত ব্যানার ও মন্দিরের বাঁশের বেড়ার একটি অংশ পুড়ে গেছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভদন্ত শ্রদ্ধাপাল ভিক্ষু দাবি করেন, ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা। আগুন লাগার আগে একাধিক সন্দেহজনক ঘটনা উল্লেখ করেন তিনি।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘মাত্র দুদিন আগে বিহারের একটি কক্ষ থেকে মূল্যবান জিনিসপত্র চুরি হয়। এরপর গত রাতে বাইরে থেকে বারবার মন্দিরের দরজায় ধাক্কা দেওয়া হয়। আমি পরিচয় জানতে চাইলে তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরই আগুন লাগানো হয়।’

এ অবস্থায় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন রয়েছেন বলে জানান ভিক্ষু শ্রদ্ধাপাল। পুলিশের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ওসি সাজেদুল বলেন, ‘বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে।’

Popular

More like this
Related

রেশম কারখানায় ঈদের ব্যস্ততা, মৌসুমি কেনাকাটায় গতি

বাংলাদেশের সংস্কৃতিতে রাজশাহী ও রেশম—এই দুই শব্দ যেন একে...

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যা কিছু হারাল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত যত দীর্ঘায়িত...

ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না, ভাড়া বাড়বে না: রবিউল আলম

আসন্ন ঈদযাত্রায় গণপরিবহনে তেল নিয়ে সংকট হবে না এবং...

‘প্রিন্স’ সিনেমার টিজারে গ্যাংস্টার লুকে শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ঈদুল ফিতরের...