রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট

Date:

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ শনিবার দুপুর ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ চলে। এতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, স্থানীয় পথচারী ও পরিবহন শ্রমিকরা।

প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। বিকেল ৩টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পুলিশ।

জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় নির্বাচনী ঐক্য জোটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৯৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

ফলাফল ঘোষণার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে এবং ভোট পুনর্গণনা করা হলে ভিন্ন চিত্র সামনে আসবে।

বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর বসে, শুয়ে ও দাঁড়িয়ে অবস্থান নেন এবং ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবরোধের কারণে শতাধিক যানবাহন আটকা পড়ে। অনেক যাত্রীকে বিকল্প পথে যেতে দেখা যায়, কেউ কেউ হেঁটে গন্তব্যে রওনা দেন।

বিক্ষোভে অংশ নেওয়া বিএনপি কর্মী সহিদুল ইসলাম বলেন, ‘কাউনিয়া ও পীরগাছার অধিকাংশ ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। কিন্তু ফলাফলে আমাদের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। পুনরায় ভোট গণনা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।’

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, ‘ভোটাররা আমাকে সমর্থন দিয়েছেন, কিন্তু ফলাফলে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে আঁতাত করে আমাকে পরাজিত করা হয়েছে।’

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসন থেকে পুনরায় ভোট গণনার আশ্বাস দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পুনরায় গণনা না হলে রোববার থেকে লাগাতার আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরাজয় মেনে নিতে না পেরে বিএনপি প্রার্থী অরাজকতা সৃষ্টি করছেন। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। এখন তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘পরাজিত প্রার্থীর লোকজন এনসিপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে।’

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। পুনরায় ভোট গণনার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি জানান, আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

Popular

More like this
Related

মুম্বাইয়ে মাখোঁ-মোদি বৈঠক, হতে পারে শতাধিক রাফাল জেট বিক্রির চুক্তি

আধুনিক বিশ্বের সবচেয়ে টেকসই ও কার্যকর যুদ্ধাস্ত্রের অন্যতম হলো...

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভারতের স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের শপথ গ্রহণ...

আয়ুষ্কাল শেষ হওয়া গাড়ি না সরালে পাওয়া যাবে না নতুন নিবন্ধন

অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার পর কোনো গাড়ি সরিয়ে না...

আ. লীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিচার শুরু

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...