মেসি-স্কালোনির গোপন বৈঠকে কী কথা হলো?

Date:

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা এখন ব্যস্ত সেই সাফল্যের পুনরাবৃত্তির ছক কষতে। ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্নে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। আর সেই অভিযানের কেন্দ্রবিন্দুতে আছেন, থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নে ঘিরে থাকা মহাতারকা লিওনেল মেসি। সম্প্রতি এই দুই লিওর একান্ত বৈঠক ঘিরে তাই কৌতূহল তুঙ্গে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি স্বীকার করেছেন, তিনি মেসির সঙ্গে একটি ব্যক্তিগত বৈঠকে বসেছিলেন এবং সেই আলোচনায় নানা বিষয় উঠে আসে। যদিও আটবারের ব্যালন ডি’অরজয়ী এখনো আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমানে এমএলএস কাপজয়ী ইন্টার মায়ামিতে খেলা মেসিকে অনেকেই আবারও উত্তর আমেরিকার মাটিতে বড় কোনো টুর্নামেন্টে দেখার আশা করছেন।

নিজের বিশ্বকাপ ভাবনা নিয়ে মেসি আগেই বলেছেন, ‘আমি আশা করি সেখানে থাকতে পারব। আগেও বলেছি, আমি থাকতে চাই। সবচেয়ে খারাপ হলেও আমি সরাসরি মাঠে বসে দেখব, কিন্তু সেটা বিশেষ হবে। বিশ্বকাপ সবার জন্যই বিশেষ, যেকোনো দেশের জন্য, বিশেষ করে আমাদের জন্য, কারণ আমরা এটাকে একেবারেই ভিন্নভাবে অনুভব করি।’

স্কালোনির সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইএসপিএনকে মেসি বলেন, ‘সত্যি বলতে আমরা এ নিয়ে কথা বলেছি। সে আমাকে বোঝে, আর বিষয়টা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সে সব সময় বলে, যেকোনো ভূমিকায় হলেও সে আমাকে সেখানে দেখতে চায়। আমাদের মধ্যে দারুণ বিশ্বাসের সম্পর্ক আছে, আমরা সবকিছু নিয়েই কথা বলতে পারি।’

এমএলএসের মৌসুম শেষ হওয়ায় মেসি সম্প্রতি আর্জেন্টিনায় সময় কাটাচ্ছিলেন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে অবসর উপভোগের ফাঁকেই স্কালোনির সঙ্গে আবারও দেখা হয় তার। 

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের প্ল্যাটফর্ম এএফএ এস্টুডিও-কে স্কালোনি জানান, ‘আমি লিওর সঙ্গে দেখা করেছি, কারণ আমরা কাছাকাছি ছিলাম। কফি খেয়েছি একসঙ্গে। যারা তাকে চেনে, তারা জানে, সে কখনোই পুরোপুরি বিশ্রাম নেয় না। সে জন্মগত প্রতিযোগী। সে সব সময় থাকতে চায়, খেলতে চায়। সতীর্থদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে অধিনায়ক এমন আচরণ করে। সে সব সময় মাঠে নামতে প্রস্তুত থাকে। এটা এমন একটি উত্তরাধিকার, যা সে রেখে যাবে। তার পর যারা আসবে, তাদেরই সেটা বহন করতে হবে।’

বিশ্বকাপ নিয়ে সরাসরি কোনো কথা হয়েছে কি না, এই প্রশ্নে স্কালোনির উত্তর ছিল সংযত, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক। ও যেমন বলে, এখনো সময় আছে। আমাদের তাকে চাপ দেওয়া উচিত নয়, তাকে নিজের মতো থাকতে দিতে হবে।’

স্কালোনি আরও জানান, আপাতত তার হাতে প্রায় ৫০ জন খেলোয়াড়ের একটি প্রাথমিক তালিকা আছে, যা আগামী মাসগুলোতে ছোট করা হবে। ‘গত বিশ্বকাপে আমরা দেখেছি, টুর্নামেন্টের একদম কাছাকাছি সময়ে খেলোয়াড়রা চোটে পড়েছে। তাই কাউকেই এখনই বাদ দেওয়া যায় না। সে কারণেই তালিকাটা বেশ বড়,’ বলেন তিনি।

Popular

More like this
Related

অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চরম সমালোচনার মুখে পড়া...

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসি ও ৪ কমিশনার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয়...

ক্রিকেটাররা মাঠে এলেন না, হলো না দ্বিতীয় ম্যাচও

বিকেল সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা। তার অন্তত দেড়...

শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে...