মেসির ফেরার পথ বন্ধ করেছিলেন লাপোর্তা, বিস্ফোরক দাবি জাভির

Date:

বার্সেলোনায় লিওনেল মেসির আবেগঘন প্রত্যাবর্তন, যেটি একসময় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। এতদিন সেই ব্যর্থতার পেছনে নানা ব্যাখ্যা শোনা গেলেও এবার সামনে এল ভিন্ন এক গল্প। ক্লাবের সাবেক কোচ জাভি হার্নান্দেজ দাবি করেছেন, মেসির বার্সেলোনায় ফেরার পথ শেষ মুহূর্তে বন্ধ করে দেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাই।

বার্সেলোনা সভাপতির নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে স্প্যানিশ দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীর্ঘ দুই বছরের নীরবতা ভেঙে জাভি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কোনো কথা বলেননি। তবে এখন নিজের দিকটা পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছেন।

জাভি বলেন, ‘বার্সেলোনা ছাড়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো মন্তব্য করব না, ক্লাবের প্রতি সম্মান দেখানোর জন্য। সবাই জানে আমি বার্সেলোনাকে কতটা ভালোবাসি, আমার পুরো পরিবারই বার্সা সমর্থক। কিন্তু এখন মনে হচ্ছে নিজের দিকটা ব্যাখ্যা করা দরকার, কারণ বিষয়টা আমার ভেতরে জমে ছিল।’

সাক্ষাৎকারে জাভি বিশেষভাবে তুলে ধরেছেন মেসির সম্ভাব্য প্রত্যাবর্তনের গল্প। ২০২৩ সালের শুরুতে সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল দাবি করে জাভি বলেন, ‘সভাপতি এখানে সত্যটা বলছেন না। লিও মেসির সঙ্গে চুক্তি প্রায় হয়ে গিয়েছিল। ২০২৩ সালের জানুয়ারিতে, বিশ্বকাপ জয়ের পর আমরা যোগাযোগ করি। সে বার্সায় ফেরার ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত ছিল, সেটা আমি নিজ চোখে দেখেছি।’

তিনি জানান, মার্চ পর্যন্ত নিয়মিত যোগাযোগ চলেছিল। তখন জাভি মেসিকে বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে তিনি নিজেই সভাপতিকে জানাবেন। জাভির ভাষায়, ‘আমি তাকে বলেছিলাম, তুমি যখন চূড়ান্ত সম্মতি দেবে, তখন আমি সভাপতিকে জানাব। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকেও আমি এটাকে দারুণ সিদ্ধান্ত মনে করেছিলাম।’

জাভির ভাষ্য অনুযায়ী, এরপর লাপোর্তা মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে চুক্তির আলোচনা শুরু করেন এবং লা লিগার অনুমোদনও পাওয়া যায়। কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেস্তে যায়।

‘তারপর কী হলো? হঠাৎ করে সভাপতি পুরো বিষয়টাই ভেস্তে দিলেন। তিনি আমাকে সরাসরি বলেছিলেন, “মেসি যদি ফিরে আসে, তাহলে সে আমার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, আর আমি সেটা হতে দিতে পারি না”,’ বলেন জাভি।

এই সিদ্ধান্তের পরই পরিস্থিতি বদলে যায়। ‘এরপর হঠাৎ করে লিও আমার ফোন ধরাও বন্ধ করে দেয়, কারণ তাকে অন্য দিক থেকে বলা হয়েছিল যে এটা আর সম্ভব নয়। আমি তখন তার বাবাকে ফোন করে বলেছিলাম, “এটা তো হতে পারে না, হোর্হে।” তিনি আমাকে বলেছিলেন, “এ বিষয়ে সভাপতির সঙ্গে কথা বলো।”‘

জাভির মতে, পাঁচ মাস ধরে চলা আলোচনা তখন প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। ‘আমরা পাঁচ মাস ধরে কথা বলছিলাম। সবকিছু প্রায় ঠিক হয়ে গিয়েছিল। ফুটবলীয় মান নিয়ে কোনো সন্দেহ ছিল না। আর্থিক দিক থেকেও আমরা পরিকল্পনা করছিলাম, মঁজুইকে খেলব, সব আয়োজন করা ছিল। যেন মাইকেল জর্ডানের মতো এক “শেষ নাচ”।’

এই ঘটনার পরও মেসির সঙ্গে নিজের সম্পর্ক ভালো রয়েছে বলে জানিয়েছেন জাভি। যদিও তাদের ব্যক্তিগত কথোপকথন নিয়ে বিস্তারিত বলতে চাননি তিনি, ‘লিওর সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমরা কথা বলি, তবে সেগুলো ব্যক্তিগত আলোচনা। লিওকে সবাই চেনে, তার কথার প্রভাব কতটা, সেজন্যই আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। তবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সে কী ভাবতে পারে।’
 

Popular

More like this
Related

শ্রীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু: হাসপাতাল ভাঙচুর, উধাও কর্তৃপক্ষ

গাজীপুরের শ্রীপুরে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার...

ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ, অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ...

জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে: ডিআইজি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার...

ফিল্ম ইন্ডাস্ট্রি যেন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

দেশের চলচ্চিত্র অঙ্গন এখন আগের সেই গৌরবময় অবস্থানে নেই।...