প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।
আজ রোববার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান।
রফিকুল আরও বলেন, হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেছেন। যাত্রাপথে তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।