মানিকগঞ্জের শিবালয়ে আরিচা ফেরি টার্মিনাল-৩ এলাকায় কম্প্রেসর মেশিন বিস্ফোরণে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম—মোহাম্মদ আলী (৫০)। আহতরা হলেন—সাব্বির শেখ (১৬), উজ্জ্বল মণ্ডল (৩০), মো. মাসুদ (৪৫), রওশন আরা বেগম (৫৫) ও জাহাঙ্গীর সিকদার (৪৫)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রের বরাতে পুলিশ জানায়, বোয়ালি ডাক্তারখানা এলাকার মো. আক্কাস মিস্ত্রি আরিচা টার্মিনালের দক্ষিণ পাশে একটি টিনের ঘর ভাড়া নিয়ে গাড়ির টায়ারে বাতাস দেওয়ার দোকান চালাতেন। টার্মিনাল সীমানার ভেতরে রাখা যে কম্প্রেসর মেশিনটি তিনি ব্যবহার করতেন সেটিই বিস্ফোরিত হয়।
ওসি মনির বলেন, ‘গুরুতর আহত মোহাম্মদ আলীর হাঁটুর নিচ থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত অন্যান্যদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’
বিস্ফোরণে একটি দোকান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি কাউন্টার কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।