নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না।
তবে, যৌক্তিক দাবি আদায়ের জন্য মিছিল ও সমাবেশ করা যাবে, স্মারকলিপিও দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সালাহউদ্দিন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলতে চাই। কর্মকর্তাদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।’
‘কোনো প্রকার অবৈধ তদবির চলবে না। আর বিভিন্ন বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, ‘পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তা পুনরুদ্ধার করতে হবে।’
এর আগে, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।