মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৪ বাংলাদেশি আহত, বড় ক্ষয়ক্ষতি নেই: প্রতিমন্ত্রী

Date:

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এখন পর্যন্ত চার বাংলাদেশি আহত হওয়া ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নূরুল হক। 

আজ রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তাই ওইসব দেশে আমাদের দেশের যারা অবস্থান করছেন, তাদেরকে নিরাপদে ও শান্ত থাকার জন্য আহবান জানানো হয়েছে। 

প্রবাসীদের উদ্দেশে তিনি কিছু জরুরি নির্দেশনা দিয়ে বলেন, চলাচলের সময় নিজেদের পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সাথে রাখতে হবে। যেকোনো ধরনের সামরিক স্থাপনা এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে স্থানীয় বাংলাদেশি দূতাবাসগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে।

অভিবাসন ব্যয় ও দালাল চক্র প্রসঙ্গে নূরুল হক বলেন, যারা প্রবাসে যাচ্ছেন, তারা অনেকেই দালালদের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। এক্ষেত্রে বিভিন্ন এজেন্সিরও নানা অনিয়ম রয়েছে। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। 

বিদেশে গমনেচ্ছুদের ভোগান্তি ও অতিরিক্ত খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষদের প্রবাসে যেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। এর প্রধান কারণ প্রতারক ও দালাল চক্র। বিগত দিনে যেসব এজেন্সির বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিভাসন ব্যয় কমাতে কাজ করছি। 

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো তিন দিনের সফরে গত শুক্রবার পটুয়াখালী আসেন মো. নূরুল হক। সফরের প্রথম দুদিন তিনি তার নির্বাচনী এলাকা গলাচিপা ও দশমিনায় বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেন। 

 

 

Popular

More like this
Related

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল: পরিসংখ্যানের কারিকুরি

বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি...

বাহরাইনের পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

ইরানের লবণ পানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর আজ রোববার...

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের কাছাকাছি বিশেষজ্ঞ পর্ষদ

ইরানের বিশেষজ্ঞ পর্ষদ সদস্যরা ইঙ্গিত দিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা...

পাইলট পর্যায়ে ৪০ হাজার পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’

আগামী চার মাসে পাইলট বা পরীক্ষামূলক পর্যায়ে অন্তত ৪০...