মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে চীন-পাকিস্তানের ৫ দফা পরিকল্পনায় কী আছে

Date:

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ও দ্রুত শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছে চীন ও পাকিস্তান।

আজ মঙ্গলবার বেইজিংয়ে বৈঠকের পর দুই দেশ তা যৌথভাবে উপস্থাপন করে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। একইসঙ্গে তারা ইরান ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হয়।

পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেইজিং সফরের পর দুই দেশ ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য’ একটি যৌথ উদ্যোগের রূপরেখা তুলে ধরে।

সংঘাতের বিস্তার ঠেকাতে উভয় দেশই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার চেষ্টা করেছে। ইসলামাবাদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘অর্থবহ আলোচনা’ আয়োজনে প্রস্তুত।

এএফপির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার চীনা সমকক্ষ ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা ইরান পরিস্থিতি নিয়ে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদারে সম্মত হন বলে বেইজিং জানিয়েছে।

পরে দারের মন্ত্রণালয় জানায়, দুই পক্ষ একটি পাঁচ দফা পরিকল্পনায় সম্মত হয়েছে। এর শুরুতেই রয়েছে ‘অবিলম্বে শত্রুতা বন্ধ’ এবং ‘যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু’।

আলোচনার বিষয়ে দুই সরকারই বলেছে, সংলাপ ও কূটনীতি হচ্ছে ‘সংঘাত সমাধানের একমাত্র কার্যকর পথ’।

এতে আরও বলা হয়েছে, ‘চীন ও পাকিস্তান সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনা শুরু করতে সমর্থন করে যেখানে সব পক্ষ বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের অঙ্গীকার করবে। শান্তি আলোচনার সময় বলপ্রয়োগ বা তার হুমকি থেকেও বিরত থাকবে।’

পরিকল্পনায় বেসামরিক মানুষসহ জ্বালানি অবকাঠামো ও লবণমুক্তকরণ প্ল্যান্টের মতো লক্ষ্যবস্তুর ওপর হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মধ্য দিয়ে ‘বেসামরিক ও বাণিজ্যিক জাহাজের দ্রুত ও নিরাপদ চলাচল’ নিশ্চিত করতে নৌপথ সুরক্ষিত রাখার কথাও বলা হয়েছে।

এএফপি জানায়, উভয় দেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কথা বলেছে।

প্রতিবেদনে বলা হয়, এই সফরের আগে ইসহাক দার রোববার সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা করেন।

এদিকে চীন ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার হলেও তেহরানকে সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। তারা বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইরানি তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃত এক গোপন সূত্রের মতে, ওয়াশিংটনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না করলেও ইসলামাবাদের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা যুদ্ধ অবসান পরিকল্পনার জবাব পাঠিয়েছে ইরান।

এএফপি জানায়, পাকিস্তান এই অঞ্চলে চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হলেও, আফগানিস্তানের সঙ্গে নিজস্ব সংঘাতে বেইজিং ‘সংযম ও শান্ত থাকার’ আহ্বান জানিয়েছে।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মাসে এক চীনা দূত দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছেন।

Popular

More like this
Related

মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মেটা, গুগল...

ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স, সমালোচনায় মুখর ট্রাম্প

ইরানে হামলায় ইউরোপীয় মিত্রদেশগুলোকে পাশে না পেয়ে আবারও তাদের...

ঘুষ দাবি, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) এক প্রসিকিউটরের একটি ফেসবুক পোস্ট...

হরমুজ নিয়ে ইরানকে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, মিত্রদের ওপর ক্ষুদ্ধ

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা...