মধুপুরে জমি উদ্ধারের নামে গারো পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে সমাধান

Date:

টাঙ্গাইলের মধুপুরে জমি উদ্ধার অভিযানের নামে একটি গারো পরিবারের ঘর গুঁড়িয়ে উচ্ছেদের অভিযোগ উঠেছে বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীন রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। এসময় পরিবারের বাড়ির চারপাশের গাছপালাও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে মধুপুর উপজেলার ধারাটি গ্রামের কালাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে মধুপুর বনাঞ্চলে গারো সম্প্রদায় ও বন বিভাগের মধ্যে নতুন করে দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়েছে।

খবর পেয়ে মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাবার বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বিষয়টি ‘বাড়াবাড়ি’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বন বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৬ সালে মধুপুরের গজারি বনের প্রায় ৭ হাজার একর জমি দখলে নিয়ে সেখানে রাবার বাগান করা হয়। ‘চাঁদপুর রাবার এস্টেট’ নামে পরিচিত এই বাগানটি এখনও লাভজনক হয়ে ওঠেনি। বর্তমানে বাগানজুড়ে কলা ও আনারসের চাষ হচ্ছে।

এদিকে, মধুপুর গড়ের পূর্ব ধারাটি এলাকার কালাপাহাড়ে গারো পরিবারটি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাদের দাবি, বন বিভাগের কাছ থেকে জমি কিনে তারা সেখানে বসতঘর নির্মাণ করেছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর রাবার এস্টেটের ম্যানেজার আমান উল্লাহ আমানের নেতৃত্বে সোমবার দুপুরে ওই বাড়ি উচ্ছেদে অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে রাবার বাগানের ম্যানেজার আমান উল্লাহ আমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বন বিভাগের দখল হওয়া জমি উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।’

তবে ভুক্তভোগী রমেন কুবি ও শিবলি মাংসাং দম্পতির অভিযোগ, তাদের বাড়ি সরিয়ে নিতে বন বিভাগ থেকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলে ইউএনও মির্জা জুবায়ের হোসেন সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

ইউএনও ডেইলি স্টারকে বলেন, ‘বাগান কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছে। পুনর্বাসন বা ঘর পুনর্নির্মাণের জন্য তাদের দুই বান্ডিল টিন, ছয় হাজার টাকা এবং প্রয়োজনীয় অন্যান্য ব্যয় বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানের সময় আনসার সদস্যদের পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে। ইউএনও ও ওসিকে না জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযান না চালাতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’

Popular

More like this
Related

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হলেন ইলন মাস্ক

বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সম্পদের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন প্রযুক্তি...

ওয়াসা এমডি হলেন সাবেক সচিব আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য...

মিরপুরের উইকেটে এবার পেসারদের সুবিধা দেখছেন শাহীন

প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে শাহীন শাহ আফ্রিদি বললেন, ‘এটা হবে...

ইরানে ঝরছে ‘কালো বৃষ্টি’, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

ইরানের তেল স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট ‘কালো বৃষ্টি’...