অবশেষে আন্তর্জাতিক ফুটসালের আঙিনায় বহু কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে রোববার ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে সাঈদ খোদারাহমির শিষ্যদের পথচলা শুরু হয়েছিল ভারতের বিপক্ষে ৪-৪ গোলে ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয় তাদেরকে। সেই বিপর্যয় কাটিয়ে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। এটিই আন্তর্জাতিক ফুটসালের ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়।
ম্যাচের পঞ্চম ও দশম মিনিটে মঈন আহমেদের জোড়া গোল বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। যদিও আরও কিছু সহজ সুযোগ নষ্ট না হলে ব্যবধান প্রথমার্ধেই আরও বড় হতে পারত।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র ও পাকিস্তানের কাছে হারের স্মৃতি নিয়ে নামা ভুটান বিরতির পরপরই একটি গোল শোধ করে দেয়। ফলে কিছুটা স্নায়ুচাপে পড়ে গিয়েছিল খোদরাহমির দল।
ম্যাচের শেষ পাঁচ মিনিটে সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজ বাহিনী। অধিনায়ক রাহবার খান দুর্দান্তভাবে আবির্ভূত হন মঞ্চে। তার যোগান দেওয়া বল থেকে ফয়সাল হোসেন ও ইব্রাহিম আহমেদ লক্ষ্যভেদ করে দলের বড় জয় নিশ্চিত করেন।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট পাওয়া নেপাল আছে তিনে। ৬ পয়েন্ট করে অর্জন করা মালদ্বীপ (দুই ম্যাচ) ও পাকিস্তান (তিন ম্যাচ) যথাক্রমে শীর্ষে ও দুইয়ে অবস্থান করছে।