ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে ঘিরে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ এক জমজমাট লড়াইয়ে মেতেছে। নিউক্যাসেল ইউনাইটেড অধিনায়ককে প্রায় ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে টানতে ম্যানচেস্টার ইউনাইটেড আলোচনায় অনেকটা এগিয়ে গেলেও, রিয়াল মাদ্রিদের নতুন করে জেগে ওঠা আগ্রহ পুরো বিষয়টি বদলে দিচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো।
বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে নিউক্যাসেলের বিদায় নেওয়ায় এই ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার সম্ভাবনা জোরালো হয়েছে। কাসেমিরো ইতিপূর্বেই ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ায় তার জায়গায় এই ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে দলে নিতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরো নিজেও তার এই ব্রাজিলিয়ান সতীর্থের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে তাকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে সুপারিশ করেছেন।
প্রাথমিক পর্যায়ে ইউনাইটেডের জন্য পথটি সহজ মনে হলেও, রিয়াল মাদ্রিদের আকস্মিক প্রবেশে সমীকরণ জটিল হয়ে পড়েছে। কার্লো আনচেলত্তির সময় থেকেই এই স্প্যানিশ ক্লাবটি গিমারায়েসের বড় ভক্ত। তিন বছর আগে লুকা মদ্রিচ ও টনি ক্রুসের বিকল্প হিসেবে তাকে দলে নেওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিউক্যাসেল বড় অঙ্কের প্রস্তাব দিয়ে তাকে ইংল্যান্ডে নিয়ে আসে।
চার বছর পর সেই একই ব্রাজিলিয়ান তারকাকে আবারও পাখির চোখ করছে রিয়াল। এদুয়ার্দো কামাভিঙ্গার সম্ভাব্য প্রস্থান এবং মাঝমাঠে একজন প্রভাবশালী সেনাপতির খোঁজে ক্লাবটি আবারও গিমারায়েসের দিকে ঝুঁকেছে। বর্তমানে ব্রাজিল জাতীয় দলে গিমারায়েসের কোচ হিসেবে দায়িত্ব পালন করা আনচেলত্তি তার প্রাক্তন ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে আশ্বস্ত করেছেন যে, রিয়ালের বর্তমান অবস্থার জন্য এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই সবচেয়ে উপযুক্ত।
ইউনাইটেড দ্রুত চুক্তি শেষ করতে চাইলেও রিয়াল মাদ্রিদ পুনরায় সক্রিয় হওয়ায়, পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে এই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে এক বিশাল টানাটানির লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।