ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

Date:

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর আসছে আগামী বাজেটে। ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াতে যাচ্ছে সরকার। 

প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।

বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই নতুন বিধানের কথা জানাতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘প্রথম ধাপে শুল্কমুক্ত সীমা ৫ লাখ টাকা করা হলেও এর পরের স্তরগুলোর (স্ল্যাব) সীমা ও শুল্কের হার অপরিবর্তিত থাকবে।’

ব্যাংক হিসাবে জমা টাকার পরিমাণের ওপর ভিত্তি করে বছরে ৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আবগারি শুল্ক কাটা হবে। 

আগামী অর্থবছর থেকে ব্যাংক হিসাবে ৫ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত স্থিতি (ব্যালেন্স) থাকলে ৫০০ টাকা শুল্ক দিতে হবে। আর জমার পরিমাণ ৫ কোটি টাকা ছাড়ালে শুল্ক হবে ৫০ হাজার টাকা। এর মাঝামাঝি আরও কয়েকটি স্তর থাকছে।

বর্তমানে এই আবগারি শুল্ক থেকে সরকার ব্যাংকগুলোর মাধ্যমে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে। অর্থ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ‘৫ লাখ টাকার শুল্কমুক্ত সীমা কার্যকর হলে ক্ষুদ্র আমানতকারীরা স্বস্তি পাবেন। তবে এতে সরকারের প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব কমে যেতে পারে।’

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, ব্যাংক আমানতের ওপর থেকে এই শুল্ক ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়া উচিত।

তিনি বলেন, ‘আবগারি শুল্ক ধীরে ধীরে উঠিয়ে নেওয়া উচিত। আমার একে ন্যায্য মনে হয় না। এটি অনেকটা ব্যাংকে টাকা রাখার জন্য “জরিমানা” দেওয়ার মতো।’

এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘সরকারের উচিত এই ব্যবস্থা বাতিল করে একটি আধুনিক ও ন্যায্য কর ব্যবস্থা চালু করা।’

(সংক্ষেপিত অনুবাদ, বিস্তারিত পড়তে ক্লিক করুন এই লিংকে)

Popular

More like this
Related

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে...

রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে ‘চমৎকার ও স্বাভাবিক’ বললেন মেসি

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে।...

‘বয়স তো কেবল একটি সংখ্যা’

একসময় ঢালিউডের পর্দা মাতানো জনপ্রিয় নায়িকা রোজিনা। দীর্ঘ ক্যারিয়ারে...

হরমুজ প্রণালি প্রস্তাবে কী ছিল, কেন ভেটো দিলো চীন-রাশিয়া?

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌ চলাচল সুরক্ষিত করতে জাতিসংঘের নিরাপত্তা...